জানতেনই না মুশফিক!

কথাটা শুনে চমকে উঠলেন মুশফিকুর রহিম। চমকানোরই কথা। চট্টগ্রামে জাতীয় লিগের ম্যাচ খেলতে গেছেন, এর মধ্যেই কিনা টেলিফোনে সাংবাদিকের প্রশ্ন, ‘২০১৯ বিশ্বকাপে খেলতে হলে আপনাদের বাছাইপর্ব উতরাতে হবে, সেটা কি জানেন?’
কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা পেরিয়ে মুশফিক নিজেই যেন আবার প্রশ্নটা আওড়ালেন, ‘২০১৯ বিশ্বকাপের আগে বাছাইপর্ব?’ এরপর বাস্তবতায় ফিরে বললেন, ‘আমি এটা জানতাম না। আপনার কাছেই প্রথম শুনলাম। এত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও যদি বিশ্বকাপের জন্য বাছাইপর্ব খেলতে হয়, সেটা খুবই হতাশাজনক।’
হতাশাজনক তো বটেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন সামনে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য পাখির চোখ আপাতত এটাই। বড় টুর্নামেন্ট বললে মাঝখানে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পেরিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওই বিশ্বকাপ যে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতিই ফিরিয়ে আনবে আবার! আরেকটু নিষ্ঠুর রূপ নিয়েই।
নিজেদের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘প্রথম পর্বের’ মোড়কে এবার আসলে বাছাইপর্বই খেলতে হয়েছে। তার পরও সান্ত্বনা, প্রথম পর্বটা বিশ্বকাপের অংশ ছিল এবং দুটিই পিঠোপিঠি হয়েছে বাংলাদেশে। কিন্তু র্যাঙ্কিংয়ে নয় বা দশে পড়ে থাকলে বাংলাদেশকে আক্ষরিক অর্থেই ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে। সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল। বিশ্বকাপের বাকি দুই দলকে আসতে হবে বাছাইপর্ব খেলে। ২০১৮ সালের মার্চ-এপ্রিলে সেটি হবে বাংলাদেশেই। যাতে খেলার কথা ওয়ানডে র্যাঙ্কিংয়ের নবম ও দশম দলের সঙ্গে ছয়টি সদস্য সহযোগী দেশের। এসব অবশ্য অনেক পুরোনো কথা। এই সিদ্ধান্ত হয়ে গেছে ২০১১ সালের ২৮ জুনে হংকংয়ে আইসিসির সভাতেই।
যা আসলে ২০১৫ বিশ্বকাপ নিয়ে ‘বড়’ দলগুলোর ‘রাজনীতি’রই ধারাবাহিকতা। ২০১১ বিশ্বকাপের পরপরই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, পরের বিশ্বকাপে খেলবে শুধুই টেস্ট খেলুড়ে ১০টি দল। সহযোগী দেশগুলোর আপত্তির মুখে সে অবস্থান থেকে সরে ২০১৫ বিশ্বকাপে ১৪ দলই রাখার সিদ্ধান্ত হয় ওই সভায়। সঙ্গে পাস হয়ে যায় ২০১৯ বিশ্বকাপের নতুন ফরম্যাটও। বাংলাদেশ দল শীর্ষ আটে ঢুকে গিয়ে সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে না, সেটা এখনই নিশ্চিত লিখে দেওয়ার উপায় নেই। তবে বাস্তবতা হলো, এখন নয়ে থাকলেও নির্ধারিত সময়সীমা ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আটে উঠে আসাটা সহজ কাজ হবে না বাংলাদেশের জন্য।
আইসিসির সভার সিদ্ধান্তটা সংবাদমাধ্যমেও এসেছিল। আট বছর পরের বিষয় বলেই হয়তো তখন সেভাবে আলোচনা হয়নি। তার পরও এত দিন পর কথাটা শুনে আগে আত্মসমালোচনাই করলেন মুশফিক, ‘আমরা ধারাবাহিকতা রেখে খেলতে পারলে, টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলোকে বড় ব্যবধানে হারিয়ে পার্থক্যটা ভালোভাবে তুলে ধরতে পারলে হয়তো এসব নিয়ে নতুন করে কথা বলা যেত। হংকং, হল্যান্ডের মতো ছোট দলগুলো ভালো খেলছে বলেই না এত নিয়মকানুন হচ্ছে।’
হতাশা পাশে সরিয়ে রেখে আশাতে বসতও গড়তে চাইলেন বাংলাদেশ অধিনায়ক, ‘সামনে বড় বড় দলের সঙ্গে আমাদের অনেক খেলা আছে। এসব ম্যাচে যদি আমরা ভালোভাবে জিততে পারি, আমাদের র্যাঙ্কিং বাড়তেও পারে। সিদ্ধান্তটা যখন হয়েই গেছে, এখন তো আর ওটা নিয়ে ভেবে লাভ নেই।’
বোর্ড সভাপতি নাজমুল হাসান অবশ্য এখনো ব্যাপারটা মেনে নিতে পারছেন না। কাল ফোনে বললেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। শুধু এটা না, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাছাইপর্ব খেলতে হওয়াটাও আমাদের জন্য ভালো কিছু ছিল না।’ এই সিদ্ধান্ত বদলাতে একটা শেষ চেষ্টা করে দেখতে চান তিনি, ‘আইসিসির সভায় একবার অনুমোদন হয়ে গেলে সাধারণত আর কিছু করার থাকে না। তার পরও আগামী বোর্ড সভায় যাওয়ার আগে আমি চেষ্টা করব বড় দু-একটা বোর্ডকে আমাদের পক্ষে আনতে। শ্রীলঙ্কা, পাকিস্তানের সমর্থনও হয়তো পাব আমরা। শেষ পর্যন্ত যা-ই হোক, চেষ্টা করতে তো অসুবিধা নেই।’
জানা গেছে, ২০১১ জুনের সভায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বিসিবির তৎকালীন সভাপতি এবং বর্তমানে পরিকল্পনামন্ত্রী ও আইসিসির সহসভাপতি আ হ ম মুস্তফা কামাল। আর কোনো দেশ, এমনকি জিম্বাবুয়ের সমর্থনও না পাওয়ায় সে প্রতিবাদ টেকেনি। আইসিসির এই নিয়মে ২০১৯ বিশ্বকাপের আগে বাছাইপর্ব খেলতে হতে পারে বর্তমানে র্যাঙ্কিংয়ে ১০ নম্বর দল জিম্বাবুয়েরও। কিন্তু আইসিসির কাছে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ চেয়ে রাখা জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য এসব খেলা-টেলার চেয়ে এখন টাকাটাই বেশি বড়।
আর বাংলাদেশের জন্য বিশ্বকাপের বাছাইপর্বে খেলাটা আবার সেই আইসিসি ট্রফি যুগে ফিরে যাওয়ার মতোই একটা হতাশা ছড়িয়ে দিচ্ছে।