জানা কথাটাই বললেন গাভাস্কার
ভারত নিশ্চিত করেছে সেমিফাইনাল। পাকিস্তান কেটে ফেলেছে দেশে ফেরার টিকিট। আগামীকালের ভারত-পাকিস্তান লড়াইটা আপাতদৃষ্টিতে তাই শুধুই আনুষ্ঠানিকতা। সত্যিই কি তাই! সুনীল গাভাস্কার কিন্তু তা মনে করেন না। টুর্নামেন্টের পরিপ্রেক্ষিতে এই ম্যাচের ফল প্রভাব ফেলবে সামান্যই। কিন্তু এই দুই দেশের মানুষের কাছে এই ম্যাচ সব সময়ই সবকিছুর আগে। বিশ্বের যেকোনো দেশে, যেকোনো টুর্নামেন্টে, যেকোনো পরিস্থিতিতে এই ম্যাচে হার মেনে নিতে পারে না সমর্থকেরা। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত একই সঙ্গে নিশ্চিত করেছে নিজেদের সেমিফাইনাল আর পাকিস্তানের বিদায়। প্রথম ম্যাচে ভারত হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। পাকিস্তান হেরেছে আবার ওই দুই দলের কাছেই। তবে আনুষ্ঠানিকতায় পরিণত হওয়া ম্যাচেও যে উত্তেজনা কম নেই, সেটা মনে করিয়ে দিয়েছেন গাভাস্কার, ‘ভারত-পাকিস্তান ম্যাচে “ডেড রাবার” বলে কোনো ব্যাপার নেই। এই ম্যাচের ফল দুই দেশেরই সমর্থকদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তা ছাড়া ভারত নিশ্চিতভাবেই চাইবে জয়ের ছন্দ ধরে রাখতে। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জিতলে আত্মবিশ্বাস আরও বাড়বে, হারলে নিজেদের সামর্থ্য নিয়ে জাগতে পারে সংশয়।’ ওয়েবসাইট।