জানা কথাটাই মনে করিয়ে দিলেন লরগাত
চা-বিরতির সময় মাঠে দাঁড়িয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান পিটার চিঙ্গোকার হাতে কী একটা উপহার তুলে দিলেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। প্রেসবক্স থেকে দেখা গেল, বক্সের মধ্যে ছোট্ট একটা গোল পদকের মতো কী যেন। অনুমান করার চেষ্টা করছিলাম, কী লেখা ওতে—‘ওয়েলকাম ব্যাক টু টেস্ট ক্রিকেট’?জিম্বাবুয়ের টেস্ট প্রত্যাবর্তনকে স্বাগত জানাতেই হারুন লরগাত এখানে। হারারে টেস্টের প্রথম দুই দিন খেলা দেখবেন। প্রথম দিনে লরগাত দেখলেন, জিম্বাবুয়েকে ‘ওয়েলকাম ব্যাক’ বলার জন্য বাংলাদেশের সে কী ব্যাকুলতা! তাঁর না এলেও চলত।প্রায় ছয় বছর পর টেস্ট খেলছে জিম্বাবুয়ে। বাংলাদেশ চৌদ্দ মাস পর। কিন্তু প্রথম দিনের খেলা যে কাউকে ভুল বোঝাতে পারত। বাংলাদেশই ছয় বছর পর ফিরছে না তো! হারুন লরগাত যখন বাংলাদেশের তিন সাংবাদিকের সঙ্গে কথা বলছেন, তখন পরিস্থিতিটা এমন ভুতুড়ে নয়। ঘণ্টা খানেক হলো খেলা শুরু হয়েছে। তবে বাংলাদেশে ক্রিকেট-উন্মাদনা ও ক্রিকেট-প্রতিভার বিচারে ১১ বছরে টেস্ট ক্রিকেটে উন্নতিটা যে আশাপ্রদ হয়নি, সেটি বলতে তো আর এই ম্যাচের অপেক্ষায় থাকতে হয় না। লরগাত সেটি বললেনও।কিন্তু আইসিসির কি কোনো দায় নেই? এই যে আট বছরের ফিউচার ট্যুর প্রোগ্রামে বাংলাদেশের মাত্র ৪২টি টেস্ট, ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় যাওয়ারই সুযোগ নেই, আইসিসি কী ব্যাখ্যা দেবে এর?লরগাত পুরো হাত ধুয়ে ফেললেন, ‘এটা তো দ্বিপক্ষীয় ব্যাপার। বাংলাদেশ অন্য সব দেশের সঙ্গে বসে ফিকশ্চার ঠিক করবে। প্রতিটি দেশ তাদের সূচি ঠিক করার পর আমরা সেগুলোর সমন্বয় করে এফটিপি করি।’ বাংলাদেশ আরও টেস্ট খেলুক—এটা চান জানিয়ে বড় দলগুলোর অনাগ্রহের জানা কারণটাও মনে করিয়ে দিলেন, ‘বাংলাদেশ যত ভালো খেলবে, দল হিসেবে যত আকর্ষণীয় হবে, ততই অন্য দেশগুলো তাদের সঙ্গে খেলার ব্যাপারে আগ্রহী হবে।’কথাটা যৌক্তিক। কিন্তু বড় দলগুলোরও কি দায়িত্ব নেই? কঠিন প্রতিপক্ষের সঙ্গে না খেললে বাংলাদেশ-জিম্বাবুয়ের মতো দলের উন্নতি হবে কীভাবে! লরগাত কথাটা মেনেও উন্নতির আরও অনেক পথের সন্ধান দিয়ে দিলেন, ‘এটা সত্যি, যত খেলা যাবে, ততই উন্নতি হবে। তবে সেটিই উন্নতি করার একমাত্র পথ নয়। শক্তিশালী ঘরোয়া ক্রিকেট, এখন একাডেমি একটা বড় ভূমিকা রাখে, খেলোয়াড়েরা অন্য দেশে খেলতে যেতে পারে। উন্নতির এমন আরও অনেক উপায় আছে। তবে বাস্তবতা হলো, এতে সময় লাগে। তবে বাংলাদেশ কীভাবে উন্নতি করতে পারে, এর একটা স্ট্র্যাটেজি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই ঠিক করতে হবে।’আইসিসির যে এখানে কিছু করার নেই, পরিষ্কার করে দিলেন তাও, ‘আইসিসির নীতি অনুযায়ী আমরা কোনো দেশের ঘরোয়া ব্যাপারে নাক গলাই না। আইসিসির কোনো দেশের ভালো-মন্দ বোঝার একমাত্র অবলম্বন হলো র্যাঙ্কিং।’ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির ভূমিকা অনেকটা ঠুঁটো জগন্নাথের মতো বলে অনেকের অভিযোগ। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযোগ, আইসিসি ভারতের কাছে জিম্মি। টাকার জোরে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাদাগিরি চলছে বিশ্ব ক্রিকেটে। এর পরিণাম কি ভালো হবে? প্রশ্নটা শুনে লরগাত হাসলেন, ‘এই প্রশ্নটা খুব নিয়মিতই শুনতে হয়। প্রতিবার একই উত্তর দিই, এটা সত্যি নয়। বোর্ডরুমের টেবিলে ভারত আর দশটি দেশের মতোই একজন সদস্য। অন্য সব সদস্য দেশেরও সমান অধিকার। যেকোনো সিদ্ধান্ত নেওয়া হয় পরিচালক বা প্রধান নির্বাহীর ভোটে বা সর্বসম্মতির ভিত্তিতে। আমার তো মনে হয়, ভারত কত শক্তিশালী, এই ভেবে চিন্তিত হওয়ার কিছু নেই। বরং চিন্তিত হওয়া উচিত, যেসব সদস্য দেশ যথেষ্ট শক্তিশালী নয়, তাদের নিয়ে।’ আইপিএল কি ক্রিকেটের জন্য ভালো—এই প্রশ্নেও অনুমিত কূটনৈতিক উত্তরই পাওয়া গেল, ‘অবশ্যই ভালো। নতুন দর্শকদের ক্রিকেটে টেনে আনছে তা। সুযোগ করে দিচ্ছে নতুন খেলোয়াড়দের উঠে আসারও।’তবে লরগাতের কাছে টেস্ট ক্রিকেটটা সবকিছুর ওপরে। এটির মর্যাদা রক্ষায় আইসিসি যে সব সময়ই সচেতন, এটিও আবার জানিয়ে দিলেন। গত কয়েক বছরে দুর্দান্ত কিছু টেস্ট ম্যাচ হয়েছে মনে করিয়ে দিয়ে বললেন, ‘টেস্ট ম্যাচের উইকেটে যেন ব্যাট-বলের ভারসাম্য থাকে, এটা নিশ্চিত করার ব্যাপারেও আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’