জানি না কেন খেলছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে আসার আগেও মনে মনে ঠিক করে রেখেছিলাম এবার কাউন্টি ক্রিকেট খেলব না। গত এক বছরে অনেক ক্রিকেট খেলেছি। একটু বিশ্রাম দরকার। কাঙ্ক্ষিত সেই বিশ্রাম বোধহয় আবারও মরীচিকার মতো দূরে সরে যাচ্ছে। কাউন্টি থেকে ডাক আসছে। আশা করি, দু-চার দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে সবকিছু। তবে উস্টারশায়ার নয়, এবার খেললে নতুন কোনো দলেই খেলব। আইপিএল শেষ করে কাউন্টি—বিশ্রামের আকুতি আমার থেকেই যাচ্ছে। পাকিস্তান সফর বাতিল হয়ে যাওয়ার পর বাংলাদেশ দলের আপাতত কোনো আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেও বিশ্রাম আমি পাচ্ছি কই? বলতে পারেন, আইপিএলে মাত্র তিনটি ম্যাচই তো খেলেছি! এমন আর কী কষ্ট করলাম? হোটেলেই বসে থাকি সারা দিন। এটা ঠিক, যেকোনো কারণেই হোক আমার এবার খুব বেশি ম্যাচ খেলা হচ্ছে না আইপিএলে। কিন্তু খেলি আর না খেলি, ব্যস্ততা থাকেই। অনুশীলন, টিম মিটিং, বিভিন্ন অনুষ্ঠান, ঘোরাঘুরি। এসবের সঙ্গে এবার যোগ হয়েছে বিজ্ঞাপনচিত্রের শুটিং। বুস্টের একটা বিজ্ঞাপনচিত্রের শুটিং করলাম কলকাতায় বসেই। কেকেআরের বিজ্ঞাপনেও অংশ নিয়েছি।কাউন্টি না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ নিজেকে খেলার মধ্যে রাখা। এশিয়া কাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে লম্বা একটা বিরতি পড়ে গেছে আমাদের। এ অবস্থায় শুয়েবসে সময় কাটানোর চেয়ে সুযোগ থাকলে খেলা চালিয়ে যাওয়াই ভালো মনে হলো। তার পরও ফাঁক খুঁজছি। চেষ্টা করব আইপিএলের পর অন্তত ১৫-২০ দিন নিরবচ্ছিন্ন ছুটি কাটাতে। এটুকু বিশ্রাম বড় জরুরি হয়ে পড়েছে আমার জন্য।আইপিএলের বেশির ভাগ ম্যাচে আমাকে বসিয়ে রাখার কারণটা যে আসলে কী, তা আমি নিজেও জানি না। খেলার সুযোগ প্রতি ম্যাচেই থাকে, পরে আর খেলা হয় না। হয়তো টিম কম্বিনেশন, কিংবা অন্যকিছু। টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে সেটা। আমার জন্য একদিক দিয়ে খারাপও হচ্ছে না। কিছুটা তো বিশ্রাম পাচ্ছি! তবে আমি সব সময়ই প্রস্তুত রাখি নিজেকে। সুযোগ পেলে যেন ভালো কিছু করতে পারি।কাল তামিমের দল পুনে ওয়ারিয়র্সের সঙ্গে ইডেনে খেলবে কলকাতা নাইট রাইডার্স। আমি প্রস্তুত আছি এই ম্যাচের জন্যও। এক দলে আমি, অন্য দলে তামিম হলে ব্যাপারটা মন্দ হয় না। দেখাই যাক, খেলা হয় কি না আমার। আর পুনে ওয়ারিয়র্সও তামিমকে কলকাতায় আনে কি না। আমি তবু তিনটি ম্যাচ খেলেছি, ওর তো খেলা হলো না একটাও!তামিমের সঙ্গে প্রায় প্রতিদিনই ফোনে কথা হলেও খেলাটেলা নিয়ে আলাপ হয় কম। না খেলতে পেরে ও নিশ্চয়ই হতাশ। এসব নিয়ে আমরা কথা বলতে চাই না। কে কোথায় ঘুরলাম, কীভাবে সময় কাটালাম এসবই আলোচনার বিষয়। আমি বেশির ভাগ সময় হোটেলেই কাটাই। ঘোরাঘুরি বলতে শপিংমলে যাওয়া। কখনো একা যাই, কখনো সুনীল নারায়ণ বা মনোজ তিওয়ারির সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীলের সঙ্গেই ঘোরাঘুরি-কথাবার্তাটা বেশি হচ্ছে এবার।কলকাতায় বসেই শুনেছি আমাদের কোচ স্টুয়ার্ট ল চলে যাচ্ছেন। চলে যাওয়ার কারণ নাকি ব্যক্তিগত। এ নিয়ে কিছু বলার নেই। তাঁর জন্য শুভকামনা রইল।