জানেত্তির মন বলছে ম্যানইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ মে চ্যাম্পিয়নস লিগের এবারের ফাইনাল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটু অন্য রকম। সেটা প্রতিপক্ষ বার্সেলোনা বলেই। ২০০৯ সালে ম্যানইউর চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন বিসর্জনে গিয়েছিল বার্সেলোনার কাছে ফাইনাল হেরেই। এবার ম্যানইউর প্রতিশোধ নেওয়ার পালা। অনেকেই যখন ম্যানইউর প্রতিশোধ নেওয়াকে দূরাশা মনে করছেন, ইন্টার মিলান অধিনায়ক হাভিয়ের জানেত্তির মন বলছে, ম্যানইউ প্রতিশোধ নিতে পারে, হারাতে পারে বার্সেলোনাকে। গতবারের চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন জানেত্তি। চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে তাঁর দল আগেরবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার স্বপ্ন গুঁড়িয়ে এসেছিল সেমিফাইনালে। তবে ইন্টার মিলানের আর্জেন্টাইন ডিফেন্ডার এটি মনে করেন না যে ম্যানইউ সহজেই জিতবে, ‘বার্সেলোনা এই মুহূর্তে সবচেয়ে ভালো ফুটবল খেলছে। এমন একটি দলকে হারানো সহজ নয়।’গত মৌসুমেও বার্সেলোনা ছিল ফর্মের তুঙ্গে। হোসে মরিনহোর কৌশলে ফর্মের তুঙ্গে থাকা বার্সাকে হারানো ইন্টারকে এবার যেন চেনাই যায়নি। তাদের চ্যাম্পিয়নস লিগ অভিযান এবার শেষ কোয়ার্টার ফাইনালেই। শেষ হয়ে গেছে সিরি ‘আ’র শিরোপা-স্বপ্নও। এ মৌসুমে এমন কেন হলো ইন্টারের? জানেত্তির উত্তর, ‘সবকিছুর পরও আমাদের এ মৌসুমকে একদম বাজে বলা যাবে না। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন (ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন), এটা ভাবতে আমার ভালো লাগে। ইতালিয়ান সুপার কাপও জিতেছি আমরা।’ এএফপি।