জানেত্তির ৮০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছর আগে ইন্টার মিলানের জার্সি গায়ে তোলেন। ইতালির এই পরাশক্তির হয়ে পাঁচবার জিতেছেন সিরি ‘আ’, ইতালিয়ান কাপ চারবার। একবার করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা কাপ ও বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ। হাভিয়ের জানেত্তি এবার ইন্টারের জার্সি গায়ে গড়লেন এক মাইলফলক—খেলে ফেললেন ৮০০তম ম্যাচ।আর্জেন্টাইন মিডফিল্ডারের স্মরণীয় দিনে ইউরোপা লিগের প্লে-অফ রাউন্ডের প্রথম লেগে রোমানিয়ান ক্লাব ভাসলুইয়ের বিপক্ষে পরশু ইন্টার জিতল ২-০ গোলে। জানেত্তি গোল পাননি, তবে গোল করেছেন তাঁরই স্বদেশি এস্তেবান কাম্বিয়াসো এবং রদ্রিগো পালাসিও।সেই ১৯৯৫ সালে বুয়েনস এইরেসের ক্লাব বেনফিল্ড থেকে নেরাজ্জুরিতে যোগ দেন জানেত্তি। দলটির অধিনায়কত্ব পান চার বছর পর। শুধু এই ক্লাবের হয়েই নয়, আর্জেন্টিনার হয়েও বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন জানেত্তিরই। এমন মাইলফলক ছুঁয়ে জানেত্তি বলছেন, ‘এমন গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আরও বেশি আনন্দ হচ্ছে এই জন্য যে, ইন্টারের মতো এত বড় ক্লাবের হয়ে এই কাজটি করেছি। আমি এই দলের অধিনায়ক, এটা ভেবে আরও বেশি ভালো লাগছে।’বয়স চলছে ৩৯। ক্যারিয়ারের শেষবেলায় দাঁড়িয়ে জানেত্তি বলছেন, ‘অনেক স্মৃতি রয়েছে ইন্টারের সঙ্গে। দুটো স্মরণীয় ঘটনার কথা কখনোই ভুলব না। প্রথমটি ইন্টারে যোগ দেওয়ার আগের রাত। এটা আমার জন্য ছিল স্বপ্ন সত্য হওয়ার মতো ঘটনা। অন্যটি চ্যাম্পিয়ন লিগের ফাইনালের আগের রাতের কথা। অনেক দিন ধরেই আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগ জেতা। শেষ পর্যন্ত আমরা সেটা জিততে পেরেছিলাম। কোনো দিনই এটা ভুলব না।’ এএফপি।