জানেন সবাই, কিন্তু...
সাকিব আল হাসানের কথার সঙ্গে কারও দ্বিমত থাকার কথা নয়। চলতি সিরিজের প্রথম দুই ওয়ানডেতে এবং সাকিবের ২০১১ সালের অভিজ্ঞতাও বলছে, কুইন্স স্পোর্টস ক্লাবের উইকেটে একটু সময় কাটাতে পারলে রান করা কঠিন নয়।পরশু কথাটা সাকিব বলেছিলেন। তারও আগে শোনা গেছে নির্বাচক মিনহাজুল আবেদীনের মুখে। কিন্তু কে শোনে কার কথা! সাকিব নিজেই তো নিজের কথা শুনলেন না! বুলাওয়ের উইকেট এত ভালো বুঝতে পারলেন, অথচ আউট হওয়ার ধরনটা দেখুন। শন উইলিয়ামসের ঝুলিয়ে দেওয়া বলে স্লগ সুইপ করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে সিবান্দার হাতে ক্যাচ। ৭৭ রানে ৩ উইকেট পড়ার পর নেমেছিলেন। কিছুক্ষণের মধ্যেই স্কোর ৪ উইকেটে ৮৪ হয়ে যেতে দেখেছেন। সাকিব যখন ওই শটটি খেললেন, ইনিংসের বাকি ২৩ ওভারের মতো। আরেকটু কি ধৈর্য ধরতে পারতেন না সাকিব?শুধু সাকিব নয়, এই প্রশ্নটা করা যায় অনেককেই। টপ-মিডল অর্ডারের বেশির ভাগ ব্যাটসম্যানই আত্মহত্যা করেছেন। টিকে থাকার গান তাঁরা শুধু মাঠের বাইরেই গেয়ে যান। মাঠে নামলে মস্তিষ্ক ফাঁকা, মনে বাজে অসহিষ্ণু রণসংগীত। ধৈর্যহীন আক্রমণাত্মক ব্যাটিং কালকের ম্যাচে বাংলাদেশ দলকে ‘উপহার’ দিল টপ-অর্ডারের ফিফটিবিহীন টানা চতুর্থ স্কোরকার্ড। টপ-অর্ডারের ব্যর্থতার পর বাংলাদেশ লড়াই করার মতো একটা পুঁজি পেয়েছিল মাহমুদউল্লাহ ও নাসিরের ব্যাটে। খারাপ সময় কাটিয়ে অপরাজিত ৭৫ রান করেছেন মাহমুদউল্লাহ, সঙ্গে ওয়ানডে সিরিজে নাসিরের দ্বিতীয় ফিফটিতে স্কোরটা শেষ পর্যন্ত আড়াই শ ছুঁই-ছুঁই হতে পারল। জিম্বাবুয়েতে ধারাবাহিকতার বিচারে বাংলাদেশ দলের সফলতম ব্যাটসম্যান ওই নাসিরই। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৭৭ ও অপরাজিত ৬৭। ওয়ানডেতে আগের দুই ম্যাচে ৬৮ ও ৩৬-এর পর কাল ৬৩। তামিম ৩২ রান করতে ৭০ বল খেলেছেন শুনলে মনে হতে পারে বুঝি লম্বা সময় উইকেটে থাকারই চেষ্টা ছিল তাঁর। বাস্তবতা, ওই ৩২ রান তিনি করেছেন আসলে মাত্র ১৮ বল খেলে। বাকি ৫২ বলই ডট! খুচরা রান নিতে ব্যর্থ হয়ে ক্রমাগত ডট বল দিয়ে গেলে একপর্যায়ে ধৈর্য্যচ্যুতি ঘটবেই। তামিমও হঠাৎ ডাউন দ্য উইকেটে চাতারাকে তেড়েফুঁড়ে মারতে গেলেন। ব্যাটের কানায় লাগা বলকে দারুণ এক ক্যাচ বানিয়ে ফেললেন উইকেটকিপার ব্রেন্ডন টেলর। মোহাম্মদ আশরাফুল আর জহুরুল ইসলামের আউটে অবশ্য তাঁদের ব্যর্থতার চেয়ে বোলারের কৃতিত্ব বেশি। আশরাফুল গালিতে ক্যাচ দিয়েছেন সিরিজে প্রথম ম্যাচ খেলা পেসার ব্রায়ান ভিটরির হঠাৎ লাফিয়ে ওঠা বলে। আর মমিনুলের জায়গায় দলে আসা জহুরুলের স্টাম্প পরের বলেই যেভাবে উপড়ে ফেললেন ভিটরি, বলটা খেলা কঠিন হতো বাংলাদেশের যেকোনো ব্যাটসম্যানের জন্যই।তামিম-সাকিবের মতো অধিনায়ক মুশফিকুর রহিমও সুযোগ পেয়েছিলেন বড় ইনিংস খেলার। ৩২ রান করে আউট হয়েছেন ৪১ বল খেলে। উইকেটের আচরণ কোন দিকে এগোচ্ছে, সেটা ততক্ষণে বুঝে যাওয়ার কথা। কিন্তু কাল অসহিষ্ণু শট ছিল তাঁর ব্যাটেও। চাতারার অফ স্টাম্পের অনেক বাইরের বলে পুল করতে গিয়ে ভাগ্যগুণে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে ছক্কা পেয়ে গিয়েছিলেন। এরপর আর মাত্র তিনটি বল খেলেই আউট হলেন আরেকটি উচ্চাভিলাষী শটের মাশুল দিয়ে। উতসেয়ার বলে স্লগ সুইপ করে ক্যাচ হলেন ডিপ মিড উইকেটে।কীভাবে খেলতে হবে, সেটা সবাই জানতেন। কিন্তু সেভাবে খেললেন খুব কম ব্যাটসম্যানই। পরিণতি তো এখন সবারই জানা। ২০১১ সালের ব্যর্থতায় তবু সান্ত্বনার প্রলেপ বুলিয়েছিল বুলাওয়ের দুটি জয়। কিন্তু এবার? দুঃস্মৃতির অ্যালবামে যে ঢুকে পড়ল বুলাওয়েও!