জাপান-কোরিয়ার অন্য লড়াই
জাপান ও দক্ষিণ কোরিয়ার শত্রুতা পুরোনো। কিন্তু রাজনৈতিক শত্রুতা ভুলে দেশ দুটি যৌথভাবে আয়োজন করেছিল ২০০২ বিশ্বকাপ। তবে সাম্প্রতিক দুটি ঘটনায় সম্পর্কটা আবার শীতল। সেটা অবশ্য অন্য প্রসঙ্গ। তবে ২০১৪ বিশ্বকাপ সামনে নিয়ে জাপান-কোরিয়ার মধ্যে শুরু হয়ে গেছে নতুন দ্বৈরথ। বিশ্বকাপটা যেহেতু ফুটবলের, দ্বৈরথটাও ফুটবলীয়ই। বিশ্বকাপে জাপান ‘সি’ গ্রুপে ও কোরিয়া ‘এইচ’ গ্রুপে। কাজেই সেমিফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে? দ্বৈরথটা একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার৷ ২০০২ বিশ্বকাপে কোরিয়া সেমিফাইনালে উঠলেও জাপান হেরে যায় দ্বিতীয় রাউন্ডেই। এবার তাই জাপানিরা কোরিয়ানদের টপকে যেতে চায়। কোরিয়ানরাও স্বপ্ন দেখছে বড় কিছুর। জাপানিরা ভালো কিছু করতে চায় ২০১১ সালের সেই ভয়াবহ সুনামিতে নিহত ব্যক্তিদের জন্য। কোরিয়ানরা অনুপ্রেরণা খুঁজছেন সাম্প্রতিক ফেরি দুর্ঘটনা থেকে। এএফপি৷