জাপান-বাধা পেরিয়ে সেমির আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়ানতান শহরের টিম হোটেল থেকে সড়কপথে দক্ষিণ চীন সাগরের সৈকতে যেতে সময় লাগে মিনিট দশেক। কাল সকালে দল বেঁধে সৈকতের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিল বাংলাদেশ যুব হকি দল। মালয়েশিয়ায় অনুষ্ঠানরত জুনিয়র এশিয়া কাপে কাল কোনো ম্যাচ ছিল না। সামান্য বিনোদন খুঁজতে কোচ মাহবুব হারুনের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন দলের সবাই। পরে সন্ধ্যায় হোটেলের পাশের স্কুলমাঠে অনুশীলন করেছেন অসীম গোপরা।
আজ বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল লড়াই, প্রতিপক্ষ শক্তিশালী জাপান। বিশ্ব র্যা ঙ্কিংয়ের ১৬তম স্থানে থাকা দলটির সঙ্গে জিতলেই শেষ চার। পরশু কোরিয়াকে হারিয়ে চমকে দেওয়া দলটির সব খেলোয়াড়ই এখন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। কাল টেলিফোনে কোচ মাহবুব হারুন মালয়েশিয়া থেকে বলছিলেন, ‘আমরা জেতার জন্যই মাঠে নামব। খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী। ওরা বেশ ফুরফুরে মেজাজে আছে।’
হারুন একটু উদ্বিগ্ন অবশ্য চোট নিয়ে। ডিফেন্ডার রেজাউল করিম বাবুর পায়ের পেশিতে টান লেগেছে। কোরিয়ার সঙ্গে ম্যাচে হকিস্টিকের আঘাতে হাত কেটে গেছে আরেক ডিফেন্ডার খোরশেদুর রহমানের। দলের সঙ্গে কোনো ফিজিও নেই। তাই চোট সারাতে ভারতীয় ফিজিওর শরণাপন্ন হয়েছিলেন কোচ। হাসপাতালে নিতে হয়েছিল খোরশেদকে। তাঁর হাতে বেশ কটি সেলাই পড়েছে। আজ দুপুর ২টায় ম্যাচ। এই দুজনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে চান কোচ, ‘বাবুকে ভারতের ফিজিওকে দিয়ে দেখিয়েছি। খোরশেদকে নিয়েও সংশয় আছে। দুজনই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই শেষ মুহূর্ত পর্যন্ত খেলানোর চেষ্টা থাকবে ওদের।’
কোরিয়াকে হারানোর পর পাকিস্তান, মালয়েশিয়া ও ভারতের খেলোয়াড়-কর্মকর্তারা হোটেলে এসে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলকে। তবে হারুন অভিনন্দনের জোয়ারে গা ভাসিয়ে দিতে চান না, ‘আমাদের আসল ম্যাচ জাপানের সঙ্গে। এই ম্যাচে জিততে চাই। আমি জানি, খেলোয়াড়েরা যতক্ষণ মাঠে থাকবে শতভাগ উজাড় করেই খেলবে।’ আজকের আরেক কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ওমান। জাপানকে হারাতে পারলেই যুব বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ এসে যাবে বাংলাদেশের সামনে, তবে সেটি নিশ্চিত হবে ভারতও সেমিফাইনালে উঠলে।