জাপান যাওয়ার অন্য সমীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি খুব অসুস্থ। অনেক দিন হলো হার্ডলস প্র্যাকটিস করি না। জাপানে গিয়ে মনে হয় খুব একটা ভালো করতে পারব না। আমার নিজেরও খুব আগ্রহ নেই যাওয়ার। ফেডারেশন একরকম জোর করেই পাঠাচ্ছে।’ ৭-১০ জুলাই জাপানের কোবেতে অনুষ্ঠেয় এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে কথাগুলো বলছিলেন অ্যাথলেট সুমিতা রানী দাস। জাপানের উদ্দেশে কাল রাতে ঢাকা ছেড়েছে তিন সদস্যের বাংলাদেশ দল।খেলোয়াড়দের যাওয়ার ইচ্ছা না থাকলেও এসব টুর্নামেন্টে জোর করে পাঠানো হয় খেলোয়াড়দের। না হলে যে এশিয়ান অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন থেকে নাম কাটা যেতে পারে দেশের। ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলমও বললেন তেমনটাই, ‘আসলে এসব টুর্নামেন্টে আমাদের দেশের অ্যাথলেটরা সোনা জিতবে এমন প্রত্যাশা বাড়াবাড়ি। কিন্তু তারপরও আমরা পাঠাচ্ছি। কারণ এখানে অংশ না নিলে সদস্যপদ বাতিল হয়ে যাওয়ার ভয় থাকে। জরিমানাও করে কখনো কখনো। আবার অনুদানও বন্ধ করে দিতে পারে।’ বাংলাদেশের বর্তমান দ্রুততম মানব মোহন খান, দৌড়াবেন ১০০ মিটার স্প্রিন্টে। ১০০ মিটার হার্ডলসে অংশ নেবেন সুমিতা। দলের সঙ্গে কর্মকর্তা হিসেবে যাচ্ছেন ফেডারেশনের সহসভাপতি মনজুর মোরশেদ।নামকা ওয়াস্তে এই টুর্নামেন্টে অংশ নিয়ে সত্যিই কি কোনো লাভ আছে? লং জাম্পার আল আমিন বললেন, ‘আসলেই নেই। বিদেশে কোন কর্মকর্তা যাবে সেটা আগে থেকেই ঠিক হয়ে থাকে। কিন্তু অ্যাথলেট কারা যাবে তাদের কোনো খোঁজই থাকে না। গত দেড় বছর আমাদের কোনো ক্যাম্প নেই। নিজেদের উদ্যোগে প্র্যাকটিস করে কতটুকুই বা লাভ হবে?’