জাপানকে গুঁড়িয়ে সেমিতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুই দিন একই দৃশ্য। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ দলের দুজন খেলোয়াড় লাল-সবুজ পতাকা নিয়ে মাঠে লম্বা একটা দৌড় দেন। এরপর চলে আনন্দ-উল্লাস। প্রতিপক্ষ তা শুধু দেখে এবং সৌজন্য বিনিময় করে চলে যায়। এখানে বাংলাদেশ যেন সত্যিকারের ‘বাঘ’।হংকং-জাপান তা ভালোই টের পেল। এই দুটি দেশের অনেক ক্রীড়াসাফল্য থাকতে পারে। কিন্তু ক্রিকেট মাঠে দল দুটি বাংলাদেশের কাছে ‘শিক্ষানবিশ’। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এশিয়ান গেমসে এসে সেটি প্রমাণের বাকি রাখল না। হংকংকে মাত্র ২৫ রানে অলআউট করে ১০ উইকেটে জয়ী বাংলাদেশ কাল জাপানের বিপক্ষে জিতল ৫৪ রানে। টানা দুই জয় এশিয়ান গেমস মহিলা ক্রিকেট বাংলাদেশকে তুলে দিয়েছে সেমিফাইনালে। ফাইনালে ওঠা কঠিন মনে করার কারণ নেই। আগামীকাল শেষ চারের লড়াইয়ে লাল-সবুজের প্রতিপক্ষ কারা সেটি নিয়ে ধোঁয়াশা আছে। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত নয়।বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন চীনের নাম বললেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও সৈয়দ আশরাফুল হকের মুখেও একই নাম। বিসিবির সাবেক সাধারণ সম্পাদক তো চীনের বিপক্ষে সতর্কই করে দিলেন বাংলাদেশকে। স্বদেশি সাংবাদিকদের বলছিলেন, ‘পরশু (কাল) দেখবেন চীন কেমন খেলে!’কিন্তু ঘটনা হলো, আজ চীন-মালয়েশিয়া ম্যাচের ওপরই নির্ভর করবে বাংলাদেশ এই দুই দলের কাকে পাবে। তবে যারাই আসুক, বাংলাদেশকে হারিয়ে দেওয়ার সামর্থ্য এখনো এই দুটি দলের হয়নি বলেই বিশ্বাস সবার মধ্যে। বাজে দিনে অঘটনের শিকার হলে ভিন্ন কথা।চীন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হলে অঘটন ঘটাবে—এমন শঙ্কা নেই। পাকিস্তানের সামনে কাল তো দাঁড়াতেই পারেনি স্বাগতিক দল। ২০ ওভারে চীনের ৫ উইকেটে তোলা ৬০ রান ১২.২ ওভারে ১ উইকেটে টপকে পাকিস্তান চলে গেছে সেমিফাইনালে।বাংলাদেশের ব্যাটিংটা কাল ভালো হয়নি। হারিয়েছে ৮টি উইকেটে। প্রথম ছয় ওভারে পাওয়ার প্লের সুবিধাটা নেওয়া যায়নি। প্রথম ১০ ওভারে রান ছিল ১ উইকেটে ৪২। টি-টোয়োন্টিতে পুরো ২০ ওভার খেলে ১১১ রান—জয়ের জন্যও যথেষ্ট নয়। বোলিংয়েই এই ঘাটতিটা পূরণ হয়েছে। বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় শুকতারা। ব্যাটিংয়ে সর্বোচ্চ ৩৭, বোলিংয়ে ৩ উইকেট—এটি যেন শুকতারারই ম্যাচ। সালমা করেছেন ২৪, রুমানা ২১। অন্যরা যাওয়া-আসাই করেছেন উইকেটে। জাপানি তরুণীরা ক্যাচ ধরায় খুবই কাঁচা হওয়ায় সহজেই জিতে গেছে বাংলাদেশ। অন্তত ছয়টি সহজ ক্যাচ ছেড়েছে ওরা। জাপানিদের চেনা কঠিন, ছয় ক্যাচ ফেলা দলই নিয়েছে কঠিন দুটি ক্যাচ! জাপানি তরুণীদের ব্যাটিং ভালো হয়নি। মাঝেমধ্যে ঝলকানি দিলেও বাংলাদেশের অভিজ্ঞতার কাছে পরের মুহূর্তেই ম্রিয়মাণ। আট-দশ ওভার পরই বোঝা গেল, এই দলের পক্ষে বাংলাদেশের ১১১ টপকানো সম্ভব নয়। তাই খেলা বাদ দিয়ে গল্পগুজব করেই সময় কাটল বাংলাদেশ শিবিরের। জাপানের অধিনায়ক ইমা উসাইয়ের চোখে-মুখে কিন্তু অনেক আগেই ম্যাচ হেরে যাওয়ার হতাশা ছিল না। ‘বাংলাদেশ খুব শক্তিশালী দল। আমরা ভালোই খেলেছি এবং আমি আমাদের পারফরম্যান্সে খুশি’—বলছিলেন জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনে চাকরি করা এই তরুণী।বাংলাদেশ দল জিতে খুশি। কিন্তু নিজেদের সেরাটা দিতে না পারার অতৃপ্তিও তাদের আছে। অধিনায়ক সালমা খাতুনের কথা, ‘পাওয়ার প্লেটা ভালো করে কাজে লাগানো উচিত আমাদের। রানের জন্য তাড়াহুড়ো করে শেষ দিকে উইকেটগুলো হারানো ঠিক হয়নি।’ মিক্সড জোনে তখন সালমার সতীর্থরা সবাই এসে গেছেন। সবার মুখেই একটা কথা, ‘ইনশাআল্লাহ, আমরা সোনা জিতব। এটা খুব কঠিন মনে হচ্ছে না আমাদের কাছে।’