জাপানকে মাটিতে নামাল ব্রাজিল
ফ্রান্সকে তাদের মাটিতেই হারিয়ে উড়ছিল জাপান। ব্রাজিলের সঙ্গে ম্যাচটা তাই জম্পেশ একটা লড়াইয়েরই প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কিসের কী, ব্রাজিল-ঝড়ে জাপান উড়ে গেল খড়কুটোর মতো। ৪-০ গোলে বিধ্বস্ত করে ব্লু সামুরাইদের মাটিতেই নামিয়ে আনল সেলেসাওরা। প্রীতি ম্যাচে যেমনটা আশা করা হয়, শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ছিল ম্যাচ। তবে আক্রমণ করতে গিয়ে নিজেদের রক্ষণটা অরক্ষিত হয়ে পড়ছিল জাপানের। মেনেজেসের দল ফায়দা তুলেছে সেটারই। ম্যাচের ১২ মিনিটেই করিন্থিয়ানস মিডফিল্ডার পলিনহার দূরপাল্লার শটে এগিয়ে যায় ব্রাজিল। জাপান অবশ্য গোল শোধের জন্য জোর চেষ্টা চালিয়েছিল। কিন্তু উল্টো ২৫ মিনিটে খেয়ে বসে দ্বিতীয় গোল। যেটি এসেছে পেনাল্টি থেকে। কাকার সৌজন্যে পাওয়া সুযোগটা কাজে লাগাতে কোনো ভুল করেননি নেইমার। কাকার শট বারে না লাগলে আর নেইমার, পলিনহারা কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধেই ব্যবধানটা আরও বড় হতে পারত। বিরতির ঠিক পরেই আবার নেইমারের গোল। কর্নার থেকে পাওয়া বলে তাঁর দুর্বল শট জাপানের একজনের গায়ে লেগে দিক বদল করে ঢুকে যায় জালে। পুরো ম্যাচেই দুর্দান্ত খেললেও গোলের দেখা পাচ্ছিলেন না কাকা। ৭৬ মিনিটে সেই অতৃপ্তিটাও ঘুচল। জোরালো শটে গোল করে যেন জানান দিলেন, ফুরিয়ে যাওয়ার এখনো অনেক দেরি। ওয়েবসাইট।