জাপানজুড়ে ‘ব্লু সামুরাই’ বন্দনা, উৎসবের জোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা জাপানে এখন উৎসব। বৃহস্পতিবার রাতে ডেনমার্ককে ৩-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে রাজকীয় ভঙ্গিতে জায়গা করে নেওয়ার পর জাপানের মানুষ আনন্দের আতিশয্যে রাস্তায় নেমে এসেছে। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদে জানা গেছে, রাজধানী টোকিওর রাস্তায় হাজার হাজার মানুষ আনন্দ-উৎসব উদযাপন করছে। মানুষের আনন্দ এতটাই বাঁধভাঙা যে শান্তিপ্রিয় জাপান সরকার সেই উৎসবের লাগাম কিছুটা টেনে ধরতেই টোকিওর মোড়ে মোড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে।এর আগে অবশ্য ২০০২ সালের বিশ্বকাপে নিজ মাঠে জাপান বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলেছিল। কিন্তু জাপানিদের কাছে এবারের দ্বিতীয় রাউন্ডের মহিমাই অন্য রকম। হল্যান্ড, ক্যামেরুন ও ডেনমার্কের মতো দলগুলোর সঙ্গে সমান তালে লড়াই করে ক্যামেরুন ও ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উন্নীত হওয়াকে জাপানের ফুটবল ইতিহাসেরই সেরা সাফল্য হিসেবে ধরা হচ্ছে। ডেনমার্ককে ৩-১ গোলে হারানোর পর শুক্রবার সকালে টোকিও থেকে প্রকাশিত অনেক পত্রিকাই ব্যানার হেডলাইনে জাতীয় দলের এই অনন্য সাফল্যের খবর পরিবেশন করেছে। যদিও খেলাটি শেষ হয় জাপানি সময় সকাল সাড়ে পাঁচটায়। রয়টার্স জানিয়েছে, শুক্রবার কার্যদিবস থাকার পরও ৪১ শতাংশ টেলিভিশন দর্শক ম্যাচটি রাত জেগে উপভোগ করেছে। শুক্রবার সকালেও পত্রিকাগুলো জাপানি দলের সাফল্য নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করে বাজারে ছাড়ে। জাপানি টেলিভিশন চ্যানেলগুলো বারবার উদ্দীপনামূলক সংগীতের সঙ্গে ডেনমার্কের বিপক্ষে জাপানের তিনটি গোলের দৃশ্য প্রচার করছে। সব মিলিয়ে শুক্রবার গোটা জাপানই পরিণত হয়েছে উৎসবের দেশে ।রাজধানী টোকিওর ‘স্ক্রাম্বল ক্রসিং’ পরিচিত উন্মুক্ত প্রান্তরে খেলা শেষ হওয়ার পর থেকেই হাজার হাজার জাপানি জাতীয় পতাকা ও বাদ্য-বাজনা নিয়ে নেমে পড়ে। তারা জাপানি ভাষায় জাতীয় দলকে বিভিন্ন উদ্দীপনামূলক স্লোগান দিয়ে অভিনন্দন জানাতে থাকে। ‘ব্লু সামুরাই’দের সাফল্যে আবেগাপ্লুত ২১ বছর বয়স্ক ইউকো হাগাশি বলেন, ‘আমি এখনো দারুণভাবে উত্তেজিত। কী খেলাটাই না খেলল আমাদের ছেলেরা। সত্যি আমি এখনো বিশ্বাস করতে পারছি না।’ হাগাশি কথাগুলো অশ্রুসজল হয়েই কথাগুলো বলছিলেন। বলার সময় তাঁর গলা কাঁপছিল।ডেনমার্কের বিপক্ষে ম্যাচটি নিয়ে দারুণ উত্তেজিত ছিল গোটা জাপানের মানুষ। সারা রাত ধরে ম্যাচটি তারা উপভোগ করেছে গভীর আগ্রহ ও উদ্দীপনা নিয়ে। কিউসুকে হোন্ডা যখন ফ্রি কিক থেকে প্রথম গোলটি করলেন তখন আনন্দে চিৎকার করে উঠেছিলেন ২৫ বছর বয়সী গৃহবধূ আই কওজুমি। তিনি বলছিলেন,‘হোন্ডা যখন প্রথম গোলটি করল, তখন আমার মনে ছিল না, এটি গভীর রাত এবং আমার শিশুটি ঘুমাচ্ছে।’এদিকে কেবল রাজধানী টোকিওই নয়,ওসাকা,কোবে প্রভৃতি বড় শহরেও জাপানিরা জাতীয় দলের এ বিশ্বকাপ সাফল্যে উত্সব করতে রাস্তায় নেমে আসে।কানাডা সফররত জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান জাতীয় দলের এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি দক্ষিণ আফ্রিকায় পাঠানো এক বিশেষ বার্তায় এ ঐতিহাসিক সাফল্যের জন্য জাপানের সব খেলোয়াড় ও কোচ-কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘জাপান দলের বিশ্বকাপ সাফল্যে আমি অত্যন্ত খুশি। আমাদের জাতীয় দল গোটা জাতিকে আনন্দে ভাসিয়েছে, গর্বিত করেছে। আমরা সত্যিই জাপানের ফুটবল নিয়ে গর্ব করি।’