জাপানি মেয়েদের বিশ্বজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালকের সূর্যোদয়টা কি একটু অন্য রকম ছিল সূর্যোদয়ের দেশে? হয়তো। কারণ কাল ভোরেই পূর্ণতা পেল একটি জাপানি রূপকথা। মেয়েদের ফুটবলের দৈত্য যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতে নিল পুঁচকে জাপান। একই সঙ্গে দলটি হাসি ফোটাল ভূমিকম্প, সুনামি ও পারমাণবিক দুর্ঘটনায় বিপর্যস্ত জাপানের কোটি কোটি মানুষের মুখে।জাপানের জয়টা এসেছে নাটকীয়ভাবে, পেনাল্টি শুট-আউটে। নির্ধারিত ৯০ মিনিটে ১-১, অতিরিক্ত ৩০ মিনিটেও ২-২ গোলে সমতায় থেকে যায় ম্যাচটি। জাপানি রক্ষণভাগের খেলোয়াড় সাকি কুমাগাইর নেওয়া ফলাফল নির্ধারণী চতুর্থ স্পট কিকটি জালে জড়াতেই নির্মিত হলো ইতিহাস। ৩-১ গোলে জিতে প্রথমবারের মতো এশিয়ায় বিশ্ব ফুটবলের শিরোপা নিয়ে এল জাপান।ম্যাচে দু-দুবার এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। পুরো ম্যাচে অসংখ্য গোলের সুযোগ সৃষ্টি করা দুবারের চ্যাম্পিয়নরা এগিয়ে যায় ৬৯ মিনিটে অ্যালেক্স মরগানের গোলে। ৮১ মিনিটে জাপানের আইয়া মিয়ামার গোল খেলাটিকে নিয়ে যায় অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটে মহিলা বিশ্বকাপের ইতিহাসে নিজের ত্রয়োদশ গোলটি করে যুক্তরাষ্ট্রকে আবারও এগিয়ে নেন অ্যাবি ওয়ামব্যাক। কিন্তু অতিরিক্ত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে জাপানি অধিনায়ক হোমারে সাওয়ার গোল ম্যাচটিকে নিয়ে যায় টাইব্রেকারে।টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বলের দাবিদার ছিলেন, এই গোল সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুটের পুরস্কার নিশ্চিত করে দেয় হোমারে সাওয়ার জন্য। ফাইনাল শেষে দেখা গেল গোল্ডেন বুটের সঙ্গে গোল্ডেন বলও জিতেছেন জাপানি অধিনায়ক। ম্যাচসেরা হয়েছেন টাইব্রেকারে যুক্তরাষ্ট্রের দুটি শট ফেরানো গোলরক্ষক আয়ুমি কাইহোরি।‘আমরাই এখন এক নম্বর’ ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় বলেছেন জাপানের অধিনায়ক। ‘শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আত্মবিশ্বাসী ছিলাম এবং নিজেদের সামর্থ্যের ওপর আমাদের বিশ্বাসও ছিল। যোগ্য দল হিসেবেই জিতেছি আমরা।’কাল জাপানের স্থানীয় সময় সকাল ৬-২০ মিনিটে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ‘নিপ্পন! নিপ্পন!’ স্লোগান ওঠে জাপানজুড়ে। বিশেষ সংস্করণ বের করে প্রভাবশালী দৈনিক আশাহি শিম্বুন। শিরোনাম ছিল, ‘নাদেশিকো, বিশ্বের এক নম্বর!’ এএফপি।