জাপানি রূপকথা

ব্রাইটনের কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচটা শেষ হলো শনিবার সন্ধ্যায়। টোকিওতে তখন রোববারের ভোর। ছুটির দিনে এত জলদি ঘুম ভাঙার কথা না কারও। তবু যাঁরা ঘুম ঘুম চোখে উঠে ম্যাচের ফল দেখেছেন, বিস্ময়ে সেই চোখগুলো হয়তো কপালে উঠেছে! বাস্তবে না কল্পনার জগতে আছেন, সেটা বুঝতে গায়ে চিমটিও কেটেছেন জাপানিদের কেউ কেউ। এবার রাগবি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জাপান জিতেছে, সেটাও দুবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে!
রুদ্ধশ্বাস উত্তেজনায় ৩৪-৩২ ব্যবধানে জাপানের জয়টা কেন বিস্ময়কর, সেটা বোঝা যাবে কয়েকটি তথ্যেই। দক্ষিণ আফ্রিকা শুধু রাগবির পরাশক্তিই নয়, রাগবি বিশ্বকাপের সবচেয়ে সফল তিনটি দেশের একটি। অন্য দুটি দুবার করে বিশ্বকাপজয়ী নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। পরশুর আগে জাপান বিশ্বকাপে একটাই ম্যাচ জিতেছে, সেটা ১৯৯১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। তারপর টানা ১৮টি ম্যাচ হেরেছে তারা। এ ম্যাচের আগে জাপানের পক্ষে বাজির দর ছিল ৮০-১! সেই জাপানই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তর্কযোগ্যভাবে রাগবি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে। এমনি এমনি তো আর জাপান কোচ এডি জোনস বলেননি, ‘ম্যাচ শেষে আমি বারবার স্কোরবোর্ড দেখছিলাম, এটা সত্যি না কল্পনা, সেটি বোঝার জন্য।’
পুঁচকে জাপানের বিপক্ষে জয় নিয়ে এতটাই নিশ্চিন্ত ছিলেন দক্ষিণ আফ্রিকানরা যে উদ্যাপনের জন্য টোকিওর দক্ষিণ আফ্রিকার দূতাবাসে বড়সড় পার্টিও আয়োজন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে জাপানের নাটকীয় জয়ে একেবারে স্তব্ধ হয়ে গেছেন অনুষ্ঠানের ২০০ অতিথি!
পরাশক্তি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তর্কযোগ্যভাবে রাগবি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে জাপান
শুধু দুই দলের সমর্থকদের কাছেই নয়, ম্যাচের ফলটা বিস্ময় হয়ে এসেছে রাগবি অনুসারী প্রায় সবার কাছেই। জনপ্রিয় চরিত্র হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং যেমন ম্যাচের পর টুইট করেছেন, গল্পে এ রকম ‘মোচড়’ আনা তাঁর পক্ষেও সম্ভব নয়!
অসাধারণ এই জয়ে জাপানিদের কাছে বদলে গেছে তাদের প্রিয় দলের নামও। ঐতিহ্যগতভাবে জাপান রাগবি দলটা পরিচিত ‘ব্রেভ ব্লোসমস’ (সাহসী পুষ্পগুচ্ছ) নামে। কিন্তু পরশু দক্ষিণ আফ্রিকা তথা স্প্রিংবকদের বিপক্ষে জয়ের পর জাপানি সংবাদমাধ্যম দলটাকে ডাকছে ‘দ্য স্প্রিংবক মার্ডারার্স’ (স্প্রিংবক ঘাতকেরা) নামে।
ফুল থেকে ঘাতক, এটাও তো কম মোচড় নয়! রয়টার্স।