জাপানি রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বরে ভুগছে জাপান, ফুটবল-জ্বরে। প্রিয় দুই খেলা সুমো কুস্তি ও বেসবলকে ছাপিয়ে ফুটবলই এখন প্রধান আলোচনার বিষয় জাপানে। ‘নাদেশিকো’ নামে পরিচিত জাপানি মেয়েদের স্বপ্নযাত্রা যে মহিলা বিশ্বকাপে চলছেই। পরশু সুইডেনকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে জাপানিরা। গত মার্চে ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত জাপানিরা অনেক দিন পর পেল কোনো উৎসবের উপলক্ষ।ফাইনালে জাপান মুখোমুখি হচ্ছে ফেবারিট যুক্তরাষ্ট্রের। আগামী ১৭ জুলাই ফ্রাঙ্কফুর্টে হবে ম্যাচটি। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারানোর পর পরশু সেমিফাইনালে ফ্রান্সকে ৩-১ হারিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৯১ ও ১৯৯৯-এর বিশ্ব চ্যাম্পিয়নরা স্বাভাবিকভাবে এবারও ফেবারিট। জাপান যে ফাইনালেই উঠে এল এই প্রথম।পরশু ম্যাচটা অবশ্য সহজেই জিতেছে জাপান। তবে শুরুর ১০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেছিল সুইডিশরাই। স্ট্রাইকার জোসেফাইন অকভিস্টের করা গোলে ১৯ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল তারা। জাপানকে সমতায় ফেরান নাহোমি কাওয়াসুমি। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটেও দলের তৃতীয় গোলটিও করেন এই স্ট্রাইকার। এর ৪ মিনিট আগে জাপানকে এগিয়ে নেন অধিনায়ক হোমারে সাওয়া। জাপান অধিনায়কের পাঁচ ম্যাচে এটা চতুর্থ গোল। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মার্তাকে ছুঁয়ে ফেললেন সাওয়া। আরেকটি ম্যাচে তিনি সুযোগ পাচ্ছেন মার্তাকে ছাড়িয়ে গোল্ডেন বুটটা জিতে নেওয়ার।ফাইনালে ওঠাকে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা বলেছেন জাপানের কোচ নোরিও সাসাকি। তবে স্বপ্নটাকে এখানেই সীমাবদ্ধ রাখতে চান না তিনি। জিততে চান ফাইনালও। র‌্যাঙ্কিংয়ে বিশ্বের চার নম্বর দল জাপান ভয় পাচ্ছে না দুবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে। শেষ আটে তারা হারিয়ে এসেছে স্বাগতিক ও অন্যতম ফেবারিট জার্মানিকে। সেই ম্যাচটাকে প্রায় ফাইনাল খেলার সঙ্গেই তুলনা করেছেন জাপানি কোচ, ‘চাপ ও প্রত্যাশা বিবেচনা করলে, আমাদের জন্য জার্মানির সঙ্গে খেলাটা প্রায় ফাইনাল খেলার মতোই ছিল। আসল ফাইনালটা ওই রকমই হবে।’এ বছর যুক্তরাষ্ট্রের কাছে দুটি প্রীতি ম্যাচে হেরেছে জাপান। দেখা যাক, রোববারের ফাইনালে কী হয়! এএফপি।