জাপানি সাঁতারুর 'হাতসাফাই'

আলোকচিত্রীর দায়িত্ব পালন করছিলেন ইনচন এশিয়ান গেমসের অ্যাকুয়াটিক সেন্টারে। ব্যাগ থেকে বিভিন্ন ধরনের ক্যামেরা ও লেন্স বের করে তুলে যাচ্ছিলেন বিভিন্ন আঙ্গিকের ছবি। কিন্তু কাজ শেষে যন্ত্রপাতি ব্যাগে ঢোকানোর সময় লক্ষ করলেন, একটি বিশেষ ক্যামেরা তিনি খুঁজে পাচ্ছেন না। সঙ্গে সঙ্গে অ্যাকুয়াটিক সেন্টারে দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের জানালেন ঘটনাটা। কিন্তু ক্যামেরা চুরি কে করেছেন, সেটা জেনে বোধ হয় আলোকচিত্রীরই চক্ষু-চড়াকগাছ।
ক্যামেরাটা চুরি করেছেন খোদ একজন ক্রীড়াবিদ। এশিয়ান গেমসে তিনি সাঁতরেছেন একটি ইভেন্টের ফাইনালে। পদক না জিতলেও সেই সাঁতারু জাপানের একজন নামকরা ক্রীড়াব্যক্তিত্বই।
নায়োয়া তোমিতা নামের ওই সাঁতারু নিজেই স্বীকার করেছেন তাঁর চুরির কথা। সাঁতার-পুলের পাশেই মাটিতে পড়ে থাকতে দেখে তিনি মেরে দিয়েছেন ওই ক্যামেরাটি।
ওই আলোকচিত্রীর অভিযোগের ভিত্তিতে নিরাপত্তারক্ষীদের তদন্তেই বেরিয়ে এসেছে সবকিছু। ক্লোজ-সার্কিট ক্যামেরায় তোমিতার চুরি এমনভাবে ধরা পড়েছে, যার ফলে অভিযোগ অস্বীকারের কোনো রাস্তাই খোলা ছিল না জাপানি এই সাঁতারুর সামনে।
এশিয়ান গেমসে জাপানি প্রতিনিধিদলের কর্মকর্তারা তোমিতার এই চুরির ব্যাপারটিকে দেখছেন বড় ধরনের একটি অপরাধ হিসেবেই। অভিযোগ স্বীকার করে ক্যামেরা ফেরত দেওয়ায় আইনি ব্যবস্থার হাত থেকে বেঁচে গেলেও তোমিতাকে মাথা হেঁট করেই দেশে ফিরতে হচ্ছে। তাঁকে এই ঘটনার পরপরই বহিষ্কার করা হয়েছে এশিয়ান গেমসে জাপানি কনটিনজেন্ট থেকে। দেশে ফেরার পরও নাকি তাঁকে মুখোমুখি হতে হবে অন্য শাস্তির। সূত্র: এএফপি