জাপানে স্বপ্নার গোলে জিতল মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের জে গ্রিন সাকাই ফুটবল ফেস্টিভালের প্রথম দিনটি কাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়েদের জন্য ছিল ভালো-মন্দ মেশানো। দিনের প্রথম ম্যাচে ড্র, পরের ম্যাচে হার, আর শেষ ম্যাচে জয় পেয়েছে কৃষ্ণারা। সিরাত জাহান স্বপ্নার দুই গোলেই একমাত্র জয়টি পেয়েছে দল।
স্বপ্না যেন দলের গোলমেশিন। ফেস্টিভালের আগে একমাত্র প্রীতি ম্যাচেও একটি গোল করেছে স্বপ্না। গত ডিসেম্বরে সাফের ফাইনালে ওঠা বাংলাদেশের অন্যতম সেরা পারফরম্যান্সও ছিল স্বপ্নার। চার ম্যাচে পাঁচটি গোল করেছিল সে, হ্যাটট্রিক পেয়েছিল মালদ্বীপের বিপক্ষে সেমিফাইনালে। কালও স্বপ্নার হাত ধরেই এল বাংলাদেশের একমাত্র জয়।
ফেস্টিভালের ম্যাচগুলো ৪০ মিনিটের। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এসি ইমাবারি। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পরিচালিত এই একাডেমি দলের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। গোলকিপার মাহমুদা প্রথমার্ধে দুর্দান্ত দুটি সেভ করে। ওই ম্যাচে শামসুন্নাহার পেনাল্টি মিস না করলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ২-০ গোলে হেরেছে কেরেজো ওসাকা সাকাইয়ের কাছে। শেষ ম্যাচে কৃষ্ণারা ২-১ গোলে জেতে জাপানের নাগুয়া লেডিস ফুটবল দলের বিপক্ষে। ম্যাচের পাঁচ মিনিটে গোল করে প্রথমে এগিয়ে যায় নাগুয়া দল। কিন্তু ২৪ মিনিটে স্বপ্নার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর ৩২ মিনিটে স্বপ্নার গোলেই নিশ্চিত হয় জয়। আজ বাংলাদেশ ফেস্টিভালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে জাপানের আমাগাসাকাই লেডিস ক্লাবের সঙ্গে।