জাপানের জার্মানি-বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকায় বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনার করুণ পরিণতি দেখে বিশ্বজুড়ে আলোচনার ঝড়। ঠিকই এই সময়ে বড় এক অঘটন ঘটাল জাপানের মহিলা ফুটবল দল। জার্মানির মাটিতে ‘জার্মান-দৈত্য’ বধ করে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল জাপান।জার্মানি মহিলা বিশ্বকাপের আগের পাঁচ আসরের তিনবারই ফাইনালে খেলেছে। এর মধ্যে সর্বশেষ দুবারই (২০০৩ ও ২০০৭) চ্যাম্পিয়ন। নিজেদের মাটিতে হওয়ায় এবার তো জার্মানির শিরোপার দাবি ছিল আরও জোরালো। বিপরীতে এর আগে যে জাপানের সর্বোচ্চ অর্জন ছিল ১৯৯৫ সুইডেন বিশ্বকাপের শেষ আটে খেলা, তারা তো বলতে গেলে অখ্যাত এক দল। হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে বিভোর জার্মানিকে এই জাপান হারিয়ে দেবে এটা ছিল কল্পনাতীত। জার্মানরা তো বটেই, জাপানিরাই প্রথমবারের মতো জার্মানিকে হারিয়ে বিস্মিত!নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থেকে গেলে অতিরিক্ত সময়ের গোলে ঐতিহাসিক জয় পায় জাপান। অধিনায়ক হোমারে সাওয়ার বুদ্ধিদীপ্ত পাসে বদলি খেলোয়াড় কারিনা মারুইয়ামা গোলটি করেছেন ১০৮ মিনিটে। বিশ্বকাপে জার্মানির এর আগের হারটি ছিল ১৯৯৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই, যুক্তরাষ্ট্রের কাছে। আগামী বুধবারের সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষ সুইডেন।জাপানের কোচ নোরিও সাসাকির আশা, স্মরণীয় এই জয় ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানিরা অনুপ্রাণিত হবে। চরম হতাশার মধ্যেও জার্মান কোচ সিলভিয়া নেইদের কণ্ঠে জাপানিদের প্রশংসা, বিশেষ করে পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা অধিনায়ক সাওয়ার প্রশংসা করেছেন তিনি প্রাণ খুলে!জার্মানির বিপক্ষে বলেই জাপানের জয়টি বড় খবর। নয়তো অর্জনের বিচারে ফ্রান্স আর সুইডেন আরও এক ধাপ এগিয়ে। পরশু রাতেই টাইব্রেকারে (৪-৩) ইংল্যান্ডকে হারিয়ে ফ্রান্স এবং কাল অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে ভেসেছে ‘ডাবল’ জয়ের আনন্দে। সেমিফাইনালের সঙ্গে দুটি দলই পেয়ে গেছে ২০১২ লন্ডন অলিম্পিকের টিকিটও। জাপানের মতোই ফরাসিরাও প্রথমবার উঠেছে সেমিফাইনালে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। পরশুই অন্য সেমিতে ফ্রান্সের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। কাল দুবারের চ্যাম্পিয়নরা টাইব্রেকারে (৫-৩) হারিয়েছে ব্রাজিলকে। নির্ধারিত সময়ের খেলা ড্র ছিল ২-২ গোলে। এএফপি।