জাপানের বিদায়ে, শেষ আটে প্যারাগুয়ে
টাইব্রেকারে জাপানকে ৫-৩ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের শেষ আটে পৌঁছে গেছে প্যারাগুয়ে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর খেলাটি নির্ধারিত নব্বই মিনিটে গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলায়ও কোনো দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়।টাইব্রেকারে জাপানের ইয়ুসি কোমানোর নেওয়া পেনাল্টি শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। প্যারাগুয়ে তাদের পাঁচটি পেনাল্টির সবকটিরই সদ্ব্যবহার করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।প্যারাগুয়ে এবারের বিশ্বকাপের চতুর্থ লাতিন দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল। এর আগে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ে আজ রাতে অনুষ্ঠেয় স্পেন-পর্তুগাল ম্যাচের বিজয়ী দলের সঙ্গে খেলবে।নির্ধারিত নব্বই মিনিটের খেলায় প্যারাগুয়েরই প্রাধান্য ছিল। তবে জাপানও ছোট ছোট পাসে বেশ কয়েকবারই প্যারাগুয়ের গোলসীমানায় হামলা চালিয়েছে। খেলার প্রথমার্ধে জাপানের দায়সুইকে মাতসুইয়ের একটি দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। খেলার ২০ মিনিটের সময় প্যারাগুয়ের লুকাস ব্যারিয়সের একটি শট ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক ইজি কাওয়াশিমা।দ্বিতীয়ার্ধেও জাপান-প্যারাগুয়ে উভয় দলই গোলের সুযোগ সৃষ্টি করে। প্যারাগুয়ের ইডগার বেনিটেজের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন জাপানের নাওয়াজাকা। দ্বিতীয়ার্ধে জাপানের কিউসুকে হোন্ডার একটি চমত্কার ফ্রি কিক থেকে প্যারাগুয়ের রক্ষণভাগে পা লাগাতে ব্যর্থ হন জাপানের ফরোয়ার্ডরা।