জাপানের বুড়ো বোল্ট

দৌড় শেষ করে ক্যামেরার সামনে ছুটে এলেন। তারপর কাল্পনিক ধনুকে কাল্পনিক তির ছুড়লেন। বিখ্যাত ‘লাইটনিং বোল্ট’ পোজ। কিন্তু লোকটা তো উসাইন বোল্ট নন! কে ইনি?
ভদ্রলোকের নাম হিদেকিচি মিয়াজাকি। বোল্ট নন, কিন্তু উদ্যাপনের ধরন বাদ দিলেও বোল্টের সঙ্গে তাঁর আরও একটা জায়গায় খুব মিল। মিয়াজাকিও এ গ্রহের দ্রুততম মানব! পার্থক্য শুধু বোল্ট দ্রুততম সবার মধ্যে, আর মিয়াজাকি দ্রুততম ১০৫ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সীদের মধ্যে। পরশু ১০৫তম জন্মদিনের কেক কাটার পর গতকালই জাপানের কিয়োতোতে ১০০ মিটার দৌড়েছেন মিয়াজাকি। ৪২.২২ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ডও গড়েছেন।
এ বয়সে কেউ দৌড়ানোর মতো অবস্থায় থাকতে পারেন, এটাই তো বিস্ময়কর। মিয়াজাকির সঙ্গে কথা বললে বিস্ময়টা আরও বেড়ে যেতে বাধ্য। রেকর্ড গড়ে গিনেস বুকে নাম তোলার পর কিনা বলছেন, ‘সময়টা নিয়ে আমি মোটেও খুশি নই। দৌড় শুরু করার পর আমার চোখে দিয়ে পানি পড়ছিল, এ কারণে আমি ধীরে দৌড়াচ্ছিলাম। কে জানে, হয়তো বুড়ো হয়ে যাচ্ছি!’
১৯১০ সালে জন্ম নেওয়া মিয়াজাকি শুধু বুড়ো নন, বুড়োর বাপ। কিন্তু বয়সের ছাপ তাঁর মানসিকতায় পড়েনি। দিব্যি রসিকতা করে যাচ্ছেন। মজা করেই বললেন, ‘সবে তো শুরু। আমাকে আরও পরিশ্রম করতে হবে। আমি লক্ষ্য ঠিক করেছি ৩৫ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ানোর। আশা করি পারব।’
পারতেই পারেন। এক শর বেশি বয়সীদের মধ্যে সবচেয়ে দ্রুত ১০০ মিটার দৌড়ানোর রেকর্ডটাও যে তাঁরই, সময় ২৯.৮৩ সেকেন্ড। জাপানিদের দীর্ঘজীবনের রহস্য এমনিতেই বিজ্ঞানীদের গবেষণার বিষয়। মিয়াজাকি যেন সেই গবেষণার ক্ষেত্রটা আরও বাড়িয়ে দিলেন!
কাল যে সময় নিয়ে মিয়াজাকি ১০০ মিটার শেষ করেছেন, ওই সময় ৪ বার ১০০ মিটার দৌড়াতে পারতেন উসাইন বোল্ট। দৌড় শেষ করার পর মিয়াজাকির ‘লাইটনিং বোল্ট’ পোজ দেখে অনেকে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্টের কীর্তির কথা মনে করিয়ে দিলেন তাঁকে। সেসব শুনে দুষ্টু হেসে মিয়াজাকি বললেন, ‘তাতে কী, সে তো আমার বিপক্ষে এখনো দৌড়ায়নি!’ সুযোগ পেলে তিনি বোল্টের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতায় নামতে চান।
সেই সুযোগ হবে কি না সেটা সময়ই বলে দেবে। তবে বোল্টের সঙ্গে দেখা করার সুযোগ তাঁর এসেছিল। মিয়াজাকি শোনালেন সেই গল্পটাও, ‘দু-তিন বছর আগে বোল্ট জাপানে এসেছিল। তখন বলেছিল, আমার সঙ্গে দেখা করতে চায়। আমাকে কেউ একজন ফোনও দিয়েছিল। কিন্তু আমি তখন শহরের বাইরে ছিলাম। তাই দেখা হয়নি। আমার খুবই খারাপ লেগেছিল তখন।’
বিশ্ব রেকর্ড হয়ে গেছে। গিনেস রেকর্ডসে নাম তুলেছেন। আর কী পাওয়ার আছে? মিয়াজাকির জবাবটা শুনলে আরও একবার বিস্মিত না হয়ে পারবেন না, ‘আমি এখনই অবসরের কথা ভাবছি না। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ আরও কয়েক বছর দৌড়াতে চাই।’ এএফপি।