জাপানের স্বপ্নভঙ্গ
ম্যাচটা দেখে থাকলে দুই দলের দুই গোলরক্ষকের জন্য খারাপ লাগার কথা আপনার। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে গোলশূন্য অতিরিক্ত ৩০ মিনিটেও সবচেয়ে ভালো খেললেন তাঁরাই। জাপানের কাওয়াসিমা আর প্যারাগুয়ের ভিলার। সেই দুজনই নির্মম টাইব্রেকার পরীক্ষার সামনে!সেই পরীক্ষার ফল নির্ধারণে অবশ্য দুই গোলরক্ষকের কোনো ভূমিকা নেই। জাপানের পক্ষে তৃতীয় শট নিয়েছিলেন কোমানো, বল শুধু ক্রসবারে লেগে ফিরে এল না, দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়ে গেল জাপানিদের বিশ্বকাপ-স্বপ্নও। নিজেদের পাঁচ শটের সব ঠিকঠাকমতো নিয়ে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে গেল প্যারাগুয়ে। প্রথমবারের মতো উঠে গেল কোয়ার্টার ফাইনালে।সামুরাই যোদ্ধাদের নাম জঁপে মাঠে নামে যে জাপান, কাল তারা যেন খোলসবন্দী। দক্ষিণ আমেরিকান ফুটবলের মান রাখতেও খুব একটা উৎসাহী মনে হলো না প্যারাগুয়েকে। ফলাফল, ম্যাচের প্রথম ২০ মিনিটে প্রথম গোলে শট, লুকাস ব্যারিয়সের সৌজন্যে।পরের মিনিটেই পাল্টা আক্রমণে জাপান। মাতসুইয়ের শট গিয়ে লাগল ক্রসবারে। হঠাৎই যেন ম্যাচ জমে ওঠার আভাস। কোথায় কী, এর পর আবার সেই নিস্তরঙ্গ ফুটবল। প্রথমার্ধে প্যারাগুয়ের সান্তা ক্রুজ আর জাপানের কিউসুকে হোন্ডা দুজনই দুটো হাফ চান্স পেয়েছিলেন। কিন্তু বাঁ পায়ে নেওয়া দুজনেরই শট বেরিয়ে গেছে বাইরে দিয়ে।প্রথম রাউন্ডে দুটো দলই খুব বেশি গোল করতে পারেনি। প্রথম তিন ম্যাচে প্যারাগুয়ের গোল ছিল তিনটি, জাপানের একটি বেশি। ফলে এই ম্যাচে গোল যে খুব বেশি হবে না, সেটি অনুমান করে নেওয়া যাচ্ছিল। তবে একেবারেই নিষ্ফলা একটা ম্যাচ হবে, সেটিও খুব বেশি লোক ভাবেনি। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের খেলা একটু জমেছিল, জমেছিল অতিরিক্ত সময়েও। কিন্তু গোলে প্যারাগুয়ের ছয় আর জাপানের দুটি শটের কোনোটাই ফলবতী না হওয়ায় এবার বিশ্বকাপ প্রথমবারের মতো দেখল পেনাল্টি শ্যুটআউট, যেটি প্যারাগুয়েকে ভাসাল আনন্দে, আর জাপানকে উপহার দিল কান্না।টাইব্রেকার মানে তো তা-ই!এই ম্যাচের স্মৃতি অনেক দিনই হয়তো পোড়াবে জাপানকে। ২০০২ বিশ্বকাপেও নিজেদের মাঠে তারা দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছিল তুরস্কের কাছে হেরে। সবচেয়ে বেশি পোড়াবে জাপানি ডিফেন্ডার কোমানোকেই। প্যারাগুয়ের জন্য ম্যাচটি হবে দুঃখ ভোলার। এর আগে তিনবার দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে, ১৯৯৮ বিশ্বকাপে ১১৩ মিনিটে করা ফ্রান্সের লঁরা ব্লাঁর সেই গোল্ডেন গোল, এরপর ২০০২ বিশ্বকাপে তাদের বাড়ি পাঠিয়েছিল জার্মানি।এই তিন বিদায়ের দুটির প্রত্যক্ষদর্শী সান্তা ক্রুজ। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার তৃতীয়বারে কোয়ার্টার ফাইনালের স্বাদ পাচ্ছেন। বিশ্বকাপের আগেই সান্তা ক্রুজ ঘোষণা দিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। সান্তা ক্রুজ অন্তত আরও একটি বিশ্বকাপের ম্যাচ পাচ্ছেন। আর সেই ম্যাচটি পার করতে পারলেই সেমিফাইনাল!