জাপানের হাতে এশিয়ার পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর আগে লাল সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিল নীল ঢেউ। এই নীল অবশ্য সমুদ্রের নীল জল নয়। আবার লাল সমুদ্রটাও আক্ষরিক অর্থ বহন করে না। ‘লাল সমুদ্র’ হলো হাজার হাজার লাখ লাখ লাল জার্সি, যা সব সময় গায়ে চাপিয়ে নিজেদের দলকে সমর্থনের শক্তি জোগাত দক্ষিণ কোরিয়াবাসী। আর কী আশ্চর্য, তাতেই যেন অনেকটা ভোজবাজির মতো শক্তি পেয়ে গেল দক্ষিণ কোরিয়া দল। গড়ল এশিয়ার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ইতিহাস। কোরিয়া সাগরের এপারের দেশটিতে যখন আলোঝলমল অর্জনের নতুন আলো, ওপারের দেশটি তখন লজ্জায় নীল। যৌথ আয়োজক হয়েও যে ব্লু-সামুরাইরা দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পেরোতে পারেনি। নিজেদের সেরা সাফল্য পাওয়ার পরও একটা অব্যক্ত বেদনা তাদের ছুঁয়ে গিয়েছিল। আট বছর পর মহাদেশের বাইরে এসে দক্ষিণ কোরিয়াকে দেখিয়ে দেওয়ার সুযোগ এসেছে। দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। কিন্তু আজ জাপান পা ফেলতে পারে শেষ আটে। প্রিটোরিয়ার লফটাস ভার্সফেল্ড স্টেডিয়ামে শেষ ষোলোর পরীক্ষায় আজ তারা প্যারাগুয়ের সামনে।জাপান কি কোয়ার্টার ফাইনালে উঠে আরেকটা চমক দেবে ফুটবল-দুনিয়াকে? অনুচ্চারে দক্ষিণ কোরিয়াকে বলবে, তোমরা তো নিজেদের দেশের বাইরে এমন কীর্তি গড়তে পারোনি! সমুদের এপারের-ওপারের দুটি দেশের মানুষই ভদ্র। ভদ্রতার মুখোশ তাদের অলংকার। তার পরও কোরিয়া যদি একটু প্রগলভ হয়, জাপান একেবারেই শান্ত সমুদ্রের নীল জল। মুখে রা নেই, আচরণে একটুও অহংবোধ নেই।‘বু্ল-সামুরাইরা এবার যা খেলছে, তাতে নিশ্চয়ই কোরিয়াকে ২০০২ বিশ্বকাপের লজ্জাটা তোমরা ফিরিয়ে দিচ্ছ’—জাপানের সাংবাদিক কাজুওয়াশি সিবাতাকে তাতিয়ে দেওয়ার চেষ্টাটা মোটেই সফল হলো না। তিনি নির্বিকার, ‘লজ্জা আবার কিসের? ২০০২-এ আমরা ভালো খেলতে পারিনি। এবার দলটা ভালো খেলছে। তা ছাড়া এখনো তো আমরা কোয়ার্টার ফাইনাল রাউন্ডে উঠিনি।’ওঠাটা অসম্ভব কিছু নয়। জাপানের খেলা দেখে দক্ষিণ আফ্রিকায় জড়ো হওয়া তাবৎ ফুটবলবোদ্ধা বলছেন, সেই সামর্থ্য তাদের আছে। সামনে লাতিন আমেরিকান প্রতিপক্ষ প্যারাগুয়ে, তার পরও জাপানকে সবাই দেখছে সমীহের চোখে। সিএসকেএ মস্কোর ফরোয়ার্ড হোন্ডা যেন দলের ইঞ্জিন। তিনি টেনে নিয়ে যাচ্ছেন দলটাকে। পেছন থেকে সুরক্ষা দিচ্ছেন নাকাজাওয়া। মাঝমাঠে এশিয়ার সেরা খেলোয়াড় এন্ডোর পাশে আলো ছড়াচ্ছেন ব্রাজিল বংশোদ্ভূত তুলিও। জাপানের ফ্রি-কিককেই সবচেয়ে ভয় পাচ্ছে এখন অন্যরা। শেষ গ্রুপ ম্যাচে ডেনমার্কের কপাল পোড়াল তারা দুটি অসাধারণ ফ্রি-কিকে। জাবুলানি বল যেন তাদের বশে। কোচ তাকেশি ওকাদা নাকি আবার এ ম্যাচে নামাতে পারেন সেল্টিকে থাকতে ফ্রি-কিক থেকে গোল করায় খ্যাতি কুড়ানো শানসুকে নাকামুরাকে। জাপান ফেবারিট, না প্যারাগুয়ে—বলার জো নেই। প্যারাগুয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির বিদায় হওয়ার পেছনেও ভূমিকা ছিল তাদের। তার পরও জাপানকে নিয়ে দলটিতে একটু শঙ্কা আছে। প্যারাগুয়ে এই নিয়ে তৃতীয়বার দ্বিতীয় রাউন্ডে উঠল। প্যারাগুইয়ান কোচ জেরার্দো মার্টিনোর রণকৌশল দুর্দান্ত। ডেনিস কানিজা, ভিক্টর ক্যাসেরেস, নেলসন ভালদেজ, অস্কার কার্দোজোদের নিয়ে দারুণ একটি দল গড়ে তুলেছেন। তার পরও প্যারাগুয়ে ঘোষণা করে দিতে পারছে না যে ‘জাপানকে আমরা হারাবই।’প্যারাগুয়ের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক হোসে লুই চিলাভার্ট এত উচ্চকণ্ঠ, তিনিও সেদিন লফটাস স্টেডিয়ামে দাঁড়িয়ে জাপানকে শ্রদ্ধা দেখালেন, ‘জাপান দারুণ খেলছে। ডেনমার্ককে তো ম্যাচে ফিরতেই দিল না ওরা।’ জাপানের নীল জার্সি ফুঁড়ে হঠাৎ এমন আগুনরঙা রূপ বেরোনোর রহস্যটা কী? দলের অন্যতম ‘সামুরাই’ সিনজি ওকাজাকি একটু ইঙ্গিত দিলেন, ‘আমাদের কোচ আমাদের সব সময়ই আক্রমণাত্মক খেলতে উৎসাহিত করেন। আক্রমণই আমাদের মন্ত্র।’কোচের নাম তাকেশি ওকাদা। দেশ ছেড়ে দক্ষিণ আফ্রিকা আসার আগে যিনি বারবার বলেছিলেন, জাপানকে তিনি সেমিফাইনালে তুলবেন। তাঁর কথা শুনে অন্যরা হেসেছিল বেদম। তবে এখন আর কেউ হাসছে না। বরং জাপানের হাতেই পতাকা দেখে গর্বে বুক ভরে যাচ্ছে এশিয়ার।