নির্মম প্রতিশোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাখির মতো উড়ে অসাধারণ এক হেডে হল্যান্ডকে সমতায় ফেরালেন রবিন ফন পার্সি। ছবি: রয়টার্স
পাখির মতো উড়ে অসাধারণ এক হেডে হল্যান্ডকে সমতায় ফেরালেন রবিন ফন পার্সি। ছবি: রয়টার্স

যে ‘টিকি-টাকা’য় বিশ্ব মাত করেছে স্পেন, সেটির উত্স ছিল হল্যান্ড। সত্তরের দশকে ইয়োহান ক্রুইফদের হাত ধরে জন্ম নিয়েছিল ফুটবলের নান্দনিক এক কৌশল। আজ সেই হল্যান্ড যেন টিকি-টাকার ‘মৃত্য’ ঘোষণা করল, এক নির্মম প্রতিশোধ নিয়ে। যদিও বিশ্বকাপ ফাইনালের হারের প্রতিশোধ গ্রুপ পর্বের এক ম্যাচে দুর্দান্ত জয়ের বিনিময়েও হয় না। তবুও গতবারের জয়ী স্পেনকে নিয়ে রানার্সআপ হল্যান্ড যেভাবে নিষ্ঠুর খেলায় মেতে উঠল, ১-৫ ব্যবধানে হারাল, তাতে নির্মম প্রতিশোধ ছাড়া আর কী-ই বা বলা যায়!

গ্রুপ পর্বের আজকের ম্যাচটি দুদলের কাছে ছিল মহাগুরুত্বপূর্ণ। এর প্রধানতম কারণ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে এড়ানো। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হবে—এমনটাই অনুমান ছিল সবার। ম্যাচের শুরুতে তার দেখাও মিলল। ২৫ মিনিটে স্টিফেন ডি ভ্রাই ডি-বক্সে ডিয়েগো কস্তাকে ফাউল করায় পেনাল্টি পেল স্পেন। ২৭ মিনিটে জাবি আলোনসোর গোলে এগিয়ে গেল স্পেন।
এরপরের গল্পটি ‘লা ফুরিয়া রোজা’দের হারিয়ে যাওয়ার, আর কমলার ঢেউ তীব্রভাবে জেগে ওঠার। ৪৪ মিনিটে রবিন ফন পার্সি পাখির মতো উড়ে দুর্দান্ত এক হেডে সমতায় ফেরালেন হল্যান্ডকে।
এরপর ৫৩ মিনিটে আরিয়েন রোবেনের গোলে এগিয়ে গেল ডাচরা। গত চারটি বছর মনের ভেতর ধিকিধিকি জ্বলা আগুন আজ আগ্নেয়েগিরির লাভার মতো বেরিয়ে এল রোবেনের ভেতর থেকে।
যে ডি ভ্রাইয়ের কারণে একমাত্র গোল পেয়েছিল স্পেন, সেটিরই প্রায়শ্চিত্ত করলেন ৬৪ মিনিটে নিজে গোল করে। ৭২ মিনিটে আবারও ব্যবধান বাড়িয়ে নিলেন পার্সি। ইউরোপের দেশগুলোর বিশ্বকাপ বাছাইপর্বে পার্সি ছিলেন সর্বোচ্চ গোলদাতা (১১টি)। আজ জোড়া গোলে নিজের ধার আবারও বুঝিয়ে দিলেন। ৮০ মিনিটে ক্যাসিয়াসকে নিয়ে রীতিমত খেললেন রোবন! চূড়ান্ত স্কোরলাইন দাঁড়াল—স্পেন ১:৫ হল্যান্ড। চার বছর পর কী নির্মম প্রতিশোধ!

গত ৪১ বছরে স্পেনের এটিই সবচেয়ে বাজে পরাজয়। ১৯৬৩ সালে স্কটল্যান্ডের কাছে স্প্যানিশরা হেরেছিল ২-৬ ব্যবধানে। বিশ্বকাপের ইতিহাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এটিই সবচেয়ে বাজে শুরু। এর আগে আর্জেন্টিনা ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ০-১ ব্যবধানে পরাজয় দিয়ে শুরু করেছিল, ২০০২ বিশ্বকাপ সেনেগালের কাছে ০-১ হার দিয়ে শুরু করেছিল ফ্রান্স। কিন্তু কেউ এত বড় ব্যবধানে হারেনি।
ভিসেন্তে দেল বস্ক স্পেনের কোচ হওয়ার পর বাছাইপর্বসহ বিশ্বকাপে মোট ২৫টি ম্যাচে মাত্র একটিতে হেরেছিল, সেটিও গত বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে, ০-১ ব্যবধানে। ফলে স্পেনের কোচকে প্রথমবারের মতো হজম করতে হলো বিরাট পরাজয়।

পুরো ম্যাচে জাভি-ইনিয়াস্তাদের যেন খুঁজেই পাওয়া গেল না। দুর্বল রক্ষণভাগ, ভোতা আক্রমণ—সবাই বিধ্বস্ত, চোখে-মুখে ক্লান্তির ছাপ। তবে গতবার কিন্তু পরাজয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল স্পেন। শেষঅবধি শিরোপা নিয়ে ঘরে ফিরেছিল তারা। সুইজারল্যান্ডের সে ম্যাচটির পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল স্পেন, এবারও পারবে কি না, সেটিই দেখার।

স্পেন-হল্যান্ড লড়াই
স্পেন-হল্যান্ড লড়াই