জাবিরদের প্রেরণা বলছেন তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলন শেষে আনুষ্ঠানিক ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়লেন সবাই। ভলিবল স্টেডিয়ামের মাঝখানে দাঁড়ানো তরুণদের চোখেমুখে ছুঁয়ে যাচ্ছিল রোমাঞ্চ। এশিয়ান যুব ভলিবলে খেলতে আগামীকাল মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইসমাইল হোসেন, নাসিম বাহারদের রোমাঞ্চের কারণও আছে—এই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন এই যুবকেরা। বিমানে ওঠার অভিজ্ঞতাটাও সবার এই প্রথম!
মিয়ানমারে ২৮ মার্চ-৫ এপ্রিল অনুষ্ঠেয় ১২ দেশের এশিয়ান যুব ভলিবলে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপসঙ্গী ইরান ও কোরিয়া।
ইরান জাতীয় দল ভলিবলে এশিয়ান চ্যাম্পিয়ন। যুবদলটিও কঠিন প্রতিপক্ষই বাংলাদেশের জন্য। দক্ষিণ কোরিয়াও বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী। আর এই কঠিন লড়াইয়ে নামার আগে দুই মাস আবাসিক ক্যাম্প করেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ খেলেছে তিনটি। সেনাবাহিনীর সঙ্গে দুটি ম্যাচে জয়, নৌবাহিনীর কাছে হার। সব মিলিয়ে বাংলাদেশ অধিনায়ক ইসমাইল হোসেন সজীব আত্মবিশ্বাসী, ‘আরও বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। তারপরও আমরা সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই যাচ্ছি।’
গত ডিসেম্বরে ঢাকায় এশিয়ান সেন্ট্রাল জোনের ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ জাতীয় দল। বড়দের সাফল্যকে বাড়তি অনুপ্রেরণা বলছেন সজীব, ‘জাবির (সাইদ আল জাবির, অধিনায়ক) ভাইয়েরা যেভাবে খেলেছেন, সেটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। তাঁদের পথ ধরে আমরা এগোতে চাই। নিজেদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টটা স্মরণীয় করে রাখতে পারলে খুব খুশি হব।’
বাংলাদেশ দল: ইসমাইল হোসেন, নাসিম বাহার, রহমাতুল ইসলাম, নূর নবী মোল্লা, তায়েফুল আলম, সিয়াম ইসলাম, রাতুল হালদার, আল আমিন, জাবির বিন কবির, রিদওয়ানুর রহমান।