জাবুলানি এবং হলুদ এলিস পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জোহানেসবার্গএই বিশ্বকাপটার হলো কী? পর্তুগাল-আইভরিকোস্ট ম্যাচের আগ পর্যন্ত দশ ম্যাচে গোল হলো সর্বমোট ১৮টি। গড়ে ম্যাচ-প্রতি গোলের হার মাত্র ১.৮! শেষ পর্যন্ত না এটি গোলখরার দিক দিয়ে রেকর্ড করে যায়। অনেকেই দুষলেন অ্যাডিডাস নির্মিত বল জাবুলানিকে। জুলু ভাষায় জাবুলানির অর্থ উদ্যাপনের উপকরণ। কিন্তু এখন পর্যন্ত জাবুলানির যা ভাবসাব তাতে উৎসববিরোধী খলচরিত্রের ভূমিকায় এটি দাঁড়িয়ে গেছে।বিশ্বকাপ শুরুর আগে বিশ্বসেরা দুই গোলরক্ষক—ব্রাজিলের হুলিও সিজার ও স্পেনের ইকার ক্যাসিয়াস চাঁছাছোলা ভাষায় সমালোচনা করেছিলেন জাবুলানির। পরে কণ্ঠ মিলিয়েছেন ইংল্যান্ডের পিটার জেমস। আর পরশু স্লোভেনিয়ার কাছে পরাস্ত হওয়ার পর আলজেরিয়ার সেন্টারব্যাক মাজিদ বুখেরাও যোগ দিলেন মিছিলে। বলটা গ্রিপ করতে খুবই সমস্যা। এতে ১৮-১৯ গজ দূর থেকে শট করলে লক্ষ্যচ্যুত হয়। বাতাসে এর সুইংও বিভ্রান্তিকর। ক্যাসিয়াস-সিজারের সমালোচনার পর ফিফা উল্টো সমালোচনা করেছিল তাঁদের। তবে ক্রমশ সমালোচনার পালে বাতাস ভারী হতেই একটা তদন্তও তড়িঘড়ি করে ফেলা হয়েছে। ফিফার এক কারিগরি কর্তা স্বীকার করেছেন, ‘হ্যাঁ, বলটা একটু সমস্যা করছে। বাতাসে এর সুইং একটু বিভ্রান্তিকর হয়। আবার গতির সঙ্গে বলটা গ্রিপ করতেও সমস্যা হয়।’ওই স্বীকার করা পর্যন্তই সার। এখন তো আর কিছু করার নেই। নিক্ষিপ্ত তীর আর ফিরিয়ে নেওয়া যায় না। এই বলেই খেলতে হবে। প্রতিটি বিশ্বকাপেই নতুন একটা বল তৈরি করা হয়। এটা ফিফার ঐতিহ্য। অথচ গোলকিপাররা প্রমাদ গুনছিলেন, গোল খেয়ে খেয়ে না তাঁদের পেট ভরে যায়! বিশ্বকাপ শুরু হওয়ার আগে সবাই উত্তেজনায় কাঁপছিলেন, কত না দেখতে হবে এবার। ফুটবল গোলের খেলা। আর গোল যত বেশি হবে ততই আনন্দ। কিন্তু ব্যাপারটা হয়ে গেল উল্টো। এখন একটা ম্যাচ মাঠে গড়ালেই জ্যোতিষীর মতো বলে দেওয়া যাচ্ছে সেটির ভবিষ্যৎ। হয় গোলশূন্য ড্র, নতুবা ১-১। এদের মধ্যে ব্যতিক্রম অবশ্যই জার্মানি। অস্ট্রেলিয়াকে চার গোলে বিধ্বস্ত করে শিরোপা প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলোকে ভয়ের মধ্যে ফেলে দিয়েছে তারা। যে জার্মানিকে ততটা ফেবারিট মনে হচ্ছিল না তারা মুহূর্তেই বড় ফেবারিটের আসনে বসে গেছে। আর সেই সঙ্গে সমালোচকদের একটা অস্ত্রকেও ভোঁতা করে দিয়েছে। নাচতে না জানলে উঠোন বাঁকা!কাল গোলের আশায় ব্রাজিলের দিকে তাকিয়ে ছিল জনতা। অনেকের ধারণা, আর্জেন্টিনা গোল মিসের মহড়া দিলেও ব্রাজিল গোল মিস করবে না। উত্তর কোরিয়াকে গোলের বস্তা কাঁধে নিয়ে মাঠ ছাড়তে হবে। ফুটবলবোদ্ধাদের বিশ্বাস, অবশ্যই ফ্যাবিয়ানো-ব্যাপ্টিস্টাদের পা থেকে অনেক গোল বেরোবে। এ জন্যই তারা দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট পেয়েছে, এ জন্যই তারা বিশ্বকাপেও ফেবারিট।ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে এলিস পার্ক স্টেডিয়ামে আসার পথে ব্রাজিল উন্মাদনা দেখা গেল। একেকটা বড় বাসে ব্রাজিলের হলুদ শার্ট পরা যাত্রী দেখে, গাড়ির ড্রাইভার ভুল করে বলে ওঠেন, ‘এটাই বোধহয় ব্রাজিল দল।’ কোথায় কী? কাছে এসে দেখা যায় সবাই দর্শক-সমর্থক। মাঠে যাঁরা খেলবেন তাঁদের গায়েও হলুদ শার্ট, গ্যালারিতে যাঁরা খেলা দেখবেন তাঁরাও হলুদ। হলুদে হলুদে একাকার। এলিস পার্কের রংই হয়ে গেছে হলুদ।তবে একটা শঙ্কাও কাজ করছিল মনের মধ্যে। এই শীতের মধ্যে পুরো গ্যালারি ভরবে তো? ভোরবেলায় জোহানেসবার্গের তাপমাত্রা মাইনাস দুইয়ে ছিল। বেলা বাড়ার পর সেটি দাঁড়িয়েছে চারে। ম্যাচ শুরু হওয়ার পর থেকে ওটা মাইনাস দুই থেকে ছয় পর্যন্ত নাকি পৌঁছাতে পারে! জোহানেসবার্গ যেমন তেমন, কেপটাউন আর পোর্ট এলিজাবেথ শীতে কাঁপছে। ওখানে মাইনাস তাপমাত্রা এসে গেছে অনেক আগেই। কেপটাউনে নাকি বরফও পড়তে পারে। এর মধ্যে খেলা হবে তো!প্রবাসী বাংলাদেশিরা খেলা হয় নাকি তা নিয়েই খুব চিন্তিত। একজন বললেন, ‘ফিফা বিশ্বকাপের জন্য এই সময়টা বেছে নিল কেন? বিশ্বকাপটা আগস্ট-সেপ্টেম্বরের দিকে করলে দারুণ জমত।’হা হতোস্মি! ফিফা কি আর অতসব দেখে! জুন আর জুলাই ফিফা ক্যালেন্ডারে বিশ্বকাপ আয়োজনের সময় হিসেবে ঢুকে গেছে। ওটাই মেনে নিতে হবে সবাইকে। সে শীতে সবাই জমে যাক, বা গরমে হাঁসফাঁস করুক। চার বছর পর জুন এলেই মনে করবেন বিশ্বকাপ এসে গেছে।