জাবুলানিই সর্বকালের সেরা বল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাবুলানি’, জুলু ভাষায় যার অর্থ ‘আনন্দ-উল্লাস’। কিন্তু গোলরক্ষকেরা যেভাবে এক হয়ে বিশ্বকাপের অফিসিয়াল বলটির সমালোচনা করছেন, জাবুলানি শব্দের অর্থ করে ফেলতে পারেন ‘বিভীষিকা’! ইকার ক্যাসিয়াস, হুলিও সিজারের মতো বিশ্বের তারকা গোলরক্ষকেরা তো বটেই, বিশ্বমঞ্চে অপরিচিত মার্কিন গোলরক্ষক টিম হাওয়ার্ডও এবার যোগ দিলেন সেই সমালোচনায়।তবে যে গবেষণাগারে জন্ম জাবুলানির, যুক্তরাজ্যের সেই লাফবরো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যান্ডি হারল্যান্ড বলছেন, জাবুলানিই ফুটবলের ইতিহাসে সবচেয়ে ‘সুস্থিত’ ও ‘নিখুঁততর’ বল। শট নেওয়ার পর বলটি যদি লক্ষ্যচ্যুত হয়, সেটি বলের কোনো দোষ নয়। আগের বলগুলোর তুলনায় এটির গতি ৫ শতাংশ বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে সেই গতি আরও বাড়বে। বলের এই দুর্দান্ত গতির ফলে বলে কিক নেওয়ার অ্যাঙ্গেলে সামান্য পরিবর্তন বলটির শেষ প্লেসমেন্টে বড় প্রভাব ফেলতে পারে।বলটির এই বাড়তি সংবেদনশীলতা যেন কাজে লাগাতে পারেন খেলোয়াড়েরা, এ কারণেই হারল্যান্ডদের এত গবেষণা। ‘ফুটবলারদের স্কিলের জন্য এমন একটা বল দেওয়া উচিত, যেটি সবার ক্ষেত্রেই সমানভাবে কাজ করে। আমাদের লক্ষ্য কখনোই ছিল না এমন একটা বল তৈরি করা, যেটি অস্বাভাবিক ফ্লাইট তৈরি করে বিব্রত করবে।’ বলেছেন তিনি।প্রতি বিশ্বকাপের আগে এ এক পরিচিত দৃশ্য। গতবারও জার্মানি বিশ্বকাপের আগে সেবারের অফিসিয়াল বল টিমজিস্টকে নিয়ে কত শোরগোল। এসবের পেছনে কাজ করে মূলত ব্যবসা। নতুন বিশ্বকাপ বল বাজারে ছেড়ে সেখান থেকে দেদার টাকা কামিয়ে নেয় এডিডাস। তা নিক, ব্যবসা তো এ জন্যই। কিন্তু প্রতি বিশ্বকাপের আগে একেবারে আনকোরা একটি বল, যে বলে খেলোয়াড়েরা মোটেও অভ্যস্ত নন, সেটি চালু করার দরকারটাই বা কী!নতুন বলে খেলোয়াড়দের অভ্যস্ত হতে সময় লাগবেই। সবগুলো দলই এখন সেই চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র বুঝি এখনো পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। শনিবার প্রীতি ম্যাচের পর গোলরক্ষক হাওয়ার্ড যেমন বলটির অপ্রত্যাশিত বাঁক আর গতির কথা উল্লেখ করে বলছিলেন, ‘বলটি কী করে? এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বরং—বলটি কী করে না! এটা সবদিকেই নড়াচড়া করে। আপনি যদি একইভাবে পাঁচবার বলটিকে কিক নেন, স্বাভাবিক নিয়ম অনুযায়ী পাঁচবারই একই ফল কিন্তু দেবে না।’হাওয়ার্ডের বক্তব্যের মোদ্দা কথাটাই হলো, জাবুলানি অপ্রত্যাশিত দিকে ছোটে। কিন্তু এই দাবি মানতে পারছেন না হারল্যান্ড। তাঁরা নিজেরাই একটি বায়ু-সুড়ঙ্গের মধ্যে বলটি পরীক্ষা করে দেখেছেন, যেখানে কিক নেওয়া হয়েছে রোবট দিয়ে। ‘বুঝতে পারছি, বলটি নিয়ে অনেকেরই অভিযোগ। কিন্তু এটাই সবচেয়ে ভালো বল, এই নিশ্চয়তা আমি দিচ্ছি না। আসলে রক্তমাংসের কোনো খেলোয়াড়ের পক্ষে একই কিক দুবার নেওয়া সম্ভব নয়, যেটি সম্ভব আমাদের রোবটদের পক্ষে।’ বলেছেন হারল্যান্ড।অন্যবারের তুলনায় বলটি হালকা, এই দাবিও উড়িয়ে দিয়েছেন তিনি। স্ট্রাইকারদের সুবিধার কথা ভেবেই বলটি বানানো হয়েছে গোলরক্ষকদের বিপদে ফেলে—এই অনুযোগ মানতে পারছেন না, ‘আসলে গোলরক্ষকদের মধ্যে এমন ধারণা সব সময়ই কাজ করে। প্রযুক্তিগত উন্নয়ন কখনোই তাঁদের পক্ষে থাকে না। কিন্তু এই বলটার উপরিভাগ এমনভাবে বানানো হয়েছে, গোলরক্ষকদের বলটি গ্রিপ করতে সুবিধাই হবে।’সব কথার আসল কথাটা শেষেই বলেছেন হারল্যান্ড, ‘প্রতি বিশ্বকাপেই দেখবেন, শুরুর আগেই বল নিয়ে যত সমালোচনা। বিশ্বকাপ শুরুর পর কিন্তু সেটি আর থাকে না।’ ওয়েবসাইট।