জাবুলানিকে দুষছেন তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের নতুন বল ‘জাবুলানি’ নিয়ে কম বিতর্ক হয়নি। এ বিতর্কের সর্বশেষ সংযোজন ফার্নান্দো তোরেস। না, বলের কারণে অঘটনের শিকার হয়নি তাঁর দল স্পেন। চোট কাটিয়ে গতকাল সোমবার হন্ডুরাসের বিপক্ষে নেমেছিলেন তোরেস। স্পেন জয়ও পেয়েছে ২-০ গোলে। সমস্যা হলো এ ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট হয়েছে তোরেসের। স্পেনের এই স্ট্রাইকারের অভিযোগ, জাবুলানির কারণেই নিশ্চিত গোলের দেখা পাননি তিনি।বিশ্বকাপের নতুন বলে সমস্যা হচ্ছে অভিযোগ করে ম্যাচ শেষে রয়টার্সকে তোরেস বলছেন, ‘ম্যাচে জাবুলানি অনেক সমস্যা করেছে আমাদের। আমরা দুটি গোল করেছি। কিন্তু আরও কয়েকটি গোল করার সুযোগ ছিল।’ জাবুলানি নিয়ে অস্বস্তিতে থাকলেও চোট কাটিয়ে ফিরতে পেরেছেন বলে খুশি তোরেস। তিনি বলছেন, ‘সত্যি কথা বলতে কি, মাঠে ফিরতে পেরে আমি খুশি। কিন্তু জাবুলানির সঙ্গে আমাদের আরও অভ্যস্ত হতে হবে।’বলকে সরাসরি দোষ না দিলেও তোরেসের সতীর্থ সার্জিও র্যামোস বলছেন, ‘আমাদের জয়টা আরও বড় হতে পারত। কিন্তু যেটুকু করতে পেরেছি, তাতেই আমরা সন্তুষ্ট। এ জয়টা আমাদের জন্য অপরিহার্য ছিল। আমাদের ভাগ্য এখন আমাদের হাতে। চিলির বিপক্ষে জয় পেতেই হবে।’