জাবুলানিতে পেতেছি শয্যা...
২৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাডাম সান্টারোসার বাস এখন ৬ মিটার ব্যাসার্ধের একটি জাবুলানি বলের ভেতর! সেখানে বসে টেলিভিশনে খেলা তো দেখছেনই, উপরি হিসেবে পাচ্ছেন টাকা-পয়সাও। ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান অ্যাডিডাসের একটা প্রতিযোগিতা জিতেই অ্যাডাম পেয়েছেন বলের ভেতর এমন নির্ভার কয়েকটা দিন কাটানোর সুযোগ। মেলবোর্নে অ্যাডামের বিশালাকৃতির বলগৃহের ভেতর আছে ফ্রিজ, গেম খেলার সুযোগ, এমনকি বিছানাপত্রের ব্যবস্থাও। এ ছাড়া তাঁর সেবায় নিবেদিত আছেন একজন ক্লিনার, সঙ্গে লন্ড্রির ব্যবস্থা। রেডিও-ল্যাপটপ তো আছেই। ৩১ দিনের বল-বাসে খেলা দেখার পাশাপাশি অ্যাডামের কাজ বলতে ব্লগে লেখালেখি করা। এ জন্য অ্যাডিডাসের কাছ থেকে তিনি পাবেন দুই হাজার ৬০০ মার্কিন ডলার। তাঁর বলগৃহে বন্ধুদের প্রবেশাধিকার আছে ২৪ ঘণ্টা। সবকিছু দেখে বন্ধুরা এখন অ্যাডামকে হিংসাই করছেন। বাইরের লোকজনও সারাক্ষণ জানালা দিয়ে উঁকিঝুঁকি দিয়ে ত্যক্ত করে ছাড়ছে তাঁকে। তবে অ্যাডাম উপভোগই করছেন জীবনটা, ‘চমৎকার-সরল একটি জীবন। দেখি, জীবনের এই মেয়াদটা আরও বাড়ানো যায় কি না...।’ এএফপি।