জাভি নেই এল ক্ল্যাসিকোয়
রিয়ালের বিপক্ষে সর্বশেষ এল ক্ল্যাসিকোয় বার্সেলোনা কেবল ৩-১ গোলেই হারেনি, কিছুদিনের জন্য হারিয়েছে দলের প্লে-মেকার জাভি হার্নান্দেজকে। ওই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে জাভি চলে গেছেন মাঠের বাইরে। বিভিন্ন সূত্রের খবর জানাচ্ছে, চোটটা জাভিকে ১০-১৫ দিনের জন্য মাঠের বাইরে ঠেলে দিয়েছে। সে হিসাবে আজ রাতের এল ক্ল্যাসিকোয় জাভিকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বার্সেলোনার। খাঁড়ার ঘা বোধ হয় একেই বলে! সাম্প্রতিক সময়ে কাতালানদের পারফরম্যান্সের গ্রাফটা যেন বেশ নিম্নমুখী। চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের কাছে ২-০ গোলে হেরে ইউরোপ-সেরা হওয়ার লড়াইটা নিজেদের জন্য কঠিনই করে ফেলেছে বার্সেলোনা। দুই দিন আগে কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের কাছে হারটাও কাতালানদের বুকে শেল হয়ে বিঁধে আছে। এমন এক পরিস্থিতিতে আজকের মানসম্মান বাঁচানোর লড়াইয়ে রিয়ালের বিপক্ষে জাভি খেলতে না পারলে সমর্থকদের উত্কণ্ঠা আরও বাড়বে। এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে পরের বাঁচা-মরার লড়াইয়েও জাভি খেলতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে ঘোর সন্দেহ।আসছে ১২ তারিখ এসি মিলানের বিপক্ষে ন্যু ক্যাম্পে মাঠে নামবে বার্সেলোনা। ওই ম্যাচে কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিতলেই কেবল বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে যেতে পারবে। এমন ম্যাচে জাভি খেলতে না পারলে সেটা হবে বড় ধরনের ধাক্কাই। আজকের এল ক্ল্যাসিকোয় খেলতে না পারলেও জাভি ১২ তারিখ খেলবেন—এই আশায় বুক বেঁধে আছে বার্সেলোনা। আপাতত জাভির প্রতি শুভ কামনা জানানো ছাড়া কিছুই করার নেই তাদের। গোল ডটকম।