জাভি বলছেন এখনো সম্ভব
পেপ গার্দিওলা আশা ছেড়েছেন আগেই। কার্লোস পুয়োলও। কোচ-অধিনায়কের পর চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে ৫ গোল করে এসে লিওনেল মেসিও বলেছেন, স্প্যানিশ লিগ নয়; এখন তাঁদের চোখ চ্যাম্পিয়নস লিগ আর স্প্যানিশ কাপে। এখানেই সতীর্থদের সঙ্গে দ্বিমত জাভির।বার্সেলোনার মাঝমাঠের নায়ক আগে থেকেই বলে আসছেন, ১০ পয়েন্টের দূরত্বটাকে দুর্গমগিরি ভাবার কোনো কারণই নেই। শিরোপার আশা তাই এখনো তিনি ছাড়ছেন না। আবারও ফর্মের তুঙ্গে ফেরা, পেছন থেকে মেসির গোলক্ষুধা মেটানোর সব খাবার তুলে দেওয়া জাভি বলছেন, ‘আমরা জয়ীদের একটা দল, যেকোনো শিরোপা হাতছাড়া হয়ে গেলে আমরা ফুঁসে উঠি। আমরা এখনো সবকিছুই জিততে চাই, আর তাই শেষ না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। আমরা ভালো খেলছি। নিজেদের খেলাটা উপভোগ করতে পারলে ফল এমনিতেই আসবে।’স্প্যানিশ লিগে আগামীকাল রেসিং সান্তান্দারের বিপক্ষে খেলবে বার্সেলোনা। অবনমন অঞ্চলের রেসিংকে নিয়ে এত ভাবার দরকার কী! কিন্তু তার পরও বার্সেলোনা উদ্বিগ্ন, ম্যাচটি যে ‘অ্যাওয়ে’! এবার লিগে প্রতিপক্ষের মাঠে ১৬ পয়েন্ট হারিয়েছে বার্সা। রিয়াল মাদ্রিদ যে ১০ পয়েন্টে এগিয়ে গেল, এর বড় কারণ ১২টি অ্যাওয়ে ম্যাচে বার্সার ৫ ড্র আর ২ পরাজয়। জাভিও তাই বলছেন, ‘এই মৌসুমে অনেক দলই আমাদের হারিয়েছে। আমরা ১০ পয়েন্টে পিছিয়েও আছি। এখান থেকেই বোঝা যায় আমরা অজেয় নই।’লিগে গত ম্যাচটি খেলতে পারেননি নিষেধাজ্ঞা থাকায়। এই ম্যাচ দিয়ে ফিরছেন ক্লাব-জাতীয় দলের হয়ে গত চার ম্যাচে ১৩ গোল করা মেসি। বোঝাই যাচ্ছে ফর্মের তুঙ্গে আছেন আর্জেন্টাইন জাদুকর। জাভি বলছেন, ‘কারও সঙ্গেই মেসির সত্যি কোনো তুলনা হয় না। ওর মতো আর কেউ নেই যে এত এত ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারে।’জাভির এই কথাটা ক্রিস্টিয়ানো রোনালদোর ভালো না-ও লাগতে পারে। বিশেষ করে লিগে তো মেসির চেয়ে তাঁর গোলসংখ্যা বেশিই। রোনালদোর ৩০টি, মেসির ২৮। সেই ব্যবধান রোনালদো বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন আজই। লিগে গত ২১ ম্যাচের ২০টিতেই জেতা রিয়াল খেলবে রিয়াল বেটিসের বিপক্ষে, তাই সুযোগ দশের ব্যবধানটি ‘১৩’-তে নিয়ে যাওয়া।রিয়াল এতটাই সুবিধাজনক অবস্থায় আছে, সামনের তিনটা ম্যাচে হারলেও এক নম্বরেই থাকবে। কিন্তু কাকা এই বলে সতর্ক করছেন, ‘আমাদের পয়েন্ট কুড়িয়ে কুড়িয়েই এগোতে হবে। সামনে প্রতিপক্ষও কঠিন। তবে ম্যাচটা সহজ হবে নাকি কঠিন সেটা আমাদের ওপরই নির্ভর করছে। ভালো খেললে আমরা জিতবই।’ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ স্টোক সিটির বিপক্ষে খেলবে চেলসি। আগের ম্যাচে ওয়েস্টব্রমের কাছে হেরে সর্বনাশের চূড়ান্ত হয়েছে। আন্দ্রে ভিলাস-বোয়াসের চাকরিও গেছে। এই ম্যাচটি চেলসির জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই বুধবারেই চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে খেলা। প্রথম ম্যাচটা ৩-১ গোলে হেরে বিদায়ের দরজা দেখছে চেলসি। এএফপি, ওয়েবসাইট।