জাভিকে পাওয়ার চেষ্টা করেছিল মিলান
জন্ম ১৯৮০ সালের ২৫ জানুয়ারি। ১৯৯১ সালে যোগ দেন বার্সোলোনা যুব দলে। সেই থেকে ন্যু ক্যাম্পেই আছেন স্পেনের তারকা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ।জাভির বয়স এখন ৩২। এর মধ্যে ২১ বছর তিনি কাটিয়েছেন বার্সায়। এখনো এখানেই আছেন, হয়তো ভবিষ্যতেও থাকবেন। বার্সার সঙ্গে জাভির সম্পর্কটা তাই অবিচ্ছেদ্যই বলতে হয়। তবে এই সম্পর্কে ছেদ পড়ার আশঙ্কা জেগেছিল একবার।জাভির মা মারিয়া মার্সি স্প্যানিশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন, জাভিকে দলে নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন এসি মিলানের ভাইস প্রেসিডেন্ট আদ্রিয়ানো গালিয়ানি। জাভি তখন বার্সেলোনা ‘বি’ দলের খেলোয়াড়।মারিয়া মার্সি বলেন, ‘গালিয়ানি এসে ওকে চার বছরের জন্য চুক্তিবদ্ধ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমরা তাতে সম্মতি দেইনি। আমার মনে হয়েছিল, সেখানে গেলে জাভি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।’জাভির মা জানান, ছেলের ফুটবলপ্রতিভার প্রতি সব সময়ই আস্থা ছিল তাঁর। তিনি বিশ্বাস করতেন, বার্সেলোনাতেই একদিন সফল হবেন জাভি। অন্য কোথাও গিয়ে সফল হওয়াটা তাঁর জন্য কঠিন হবে।মারিয়া মার্সির বিশ্বাস মিথ্যে হয়নি। তাঁর ছেলে এখন বিশ্বের সেরা ফুটবলারদের একজন। একের পর এক বার্সেলোনার শিরোপা জয়ে অবদান রাখছেন জাভি। জাতীয় দলের হয়েও খেলছেন দুর্দান্ত। স্পেনের যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশিবার শিরোপার স্বাদ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে জাভির। সূত্র: ওয়েবসাইট।