জাভির এল ক্লাসিকো
বার্সেলোনার মাঝমাঠের প্রাণভোমরা তিনি। অনেক এল ক্লাসিকোর নায়কও। আজ আরেকটি এল ক্লাসিকোর আগে রিয়াল-বার্সার ধ্রুপদি প্রতিদ্বন্দ্বিতা নিয়ে স্মৃতিচারণা করেছেন জাভি হার্নান্দেজ ঘরের মাঠে খেলা সেরা এল ক্লাসিকো...জাভি: ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে ২০০৪-০৫ মৌসুমের ৩-০ ব্যবধানের জয়টি। পুরো ম্যাচেই আমরা ওদের চেপে ধরে রেখেছিলাম। আমার মনে আছে, ডেকো এবং আমি নিজেরাই নিজেদের বলছিলাম, ‘আমরা এই ম্যাচটার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছি, পুরো ম্যাচের।’ ঘরের মাঠে খেলা সবচেয়ে বাজে এল ক্লাসিকো...জাভি: ২০০৩-০৪ মৌসুমে, তখন আমাদের মধ্যে কিছুটা হীনম্মন্যতা ছিল। কারণ ওরা বেকহাম, জিদান, রবার্তো কার্লোসদের নিয়ে এসেছিল। ওরা অনেক শ্রেয়তর দল ছিল। নিজেদের পুরোপুরি ক্ষমতাহীন মনে হচ্ছিল। (ওই ম্যাচে ১-২ গোলে হেরেছিল বার্সা)। ডিনারের সঙ্গী হিসেবে কাকে বেছে নেবেন—মরিনহো, না ক্রিস্টিয়ানো রোনালদোকে?জাভি: ফুটবল নিয়ে কথা বলার জন্য এ দুজনের মধ্যে আমি হয়তো মরিনহোকে বেছে নেব। তার অভিজ্ঞতা অনেক বেশি। তাল মেলানো কষ্টকর ছিল এমন একজন খেলোয়াড়...জাভি: জিদান। সে দেখার মতো ছিল। সে এমনভাবে বলটা দেখাত, যাতে মনে হতো আপনি বলটি কেড়ে নিতে পারবেন, কিন্তু এরপর সে বলটাকে তার অন্য পায়ে নিয়ে যেত। নব্বই দশক ও দুই হাজার দশকের শুরুর দিকে সেরা খেলোয়াড় ছিল ও। যে খেলোয়াড় আপনাকে সবচেয়ে বেশি হতাশায় পুড়িয়েছে—জাভি: ম্যাকালেলে। ও খুব শক্ত প্রকৃতির। ওকে এগিয়ে আসতে দেখলেই মনে হতো, ‘এই লোক আমার কাছ থেকে এটা (বল) কেড়ে নিতে আসছে।’ (ফার্নান্ডো) রেডন্ডোও ছিল এ রকম। যে গোলটি আপনি কখনোই ভুলবেন না—জাভি: বার্নাব্যুতে (২০০৪-০৫), ওটা শুধুই একটা গোল ছিল না। শেষ মিনিটে পুশ করে করা ওই গোলটা একটা যুগের (প্রথম গ্যালাকটিকো) সমাপ্তি টেনেছিল। ক্লাসিকোর আগে পাওয়া সেরা উপদেশ...জাভি: এটি গার্দিওলার, ‘আমরা উপভোগ করব কিন্তু আমাদের দর্শনটা ভুলব না।’ প্রতিপক্ষের কারও স্মরণীয় কোনো মন্তব্য—জাভি: আমার বয়স তখন ১৮ এবং আমার মনে আছে বার্নাব্যুতে রাউল এসে আমাকে একটা চড় মেরে বলল, ‘হেই, চুপ কর।’ আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ও আমার ওপর মাতব্বরি ফলাচ্ছিল, মাদ্রিদের তরুণ খেলোয়াড়দের সঙ্গে আমরাও এমন করেছি। যে ম্যাচটা ভুলে যেতে চাইবেন—জাভি: বার্নাব্যুর ৪-১ (২০০৮)। স্কোরলাইনের জন্য নয়, মাঠে যে আমরা একেবারেই অসহায় বোধ করছিলাম, তার জন্য। আমি অনুমান করতে পারছি, আমাদের ৬-২ জয়টিতে (২০০৯) তাদের অনুভূতি কী ছিল। দর্শক হিসেবে দেখা সেরা ক্লাসিকো...জাভি: দুটি ৫-০। এখানে (ন্যু ক্যাম্পে) ‘ড্রিম টিমের’ সঙ্গে ম্যাচটি (১৯৯৪) এবং এরপর পরের বছর আমরা যখন উল্টো ৫-০ গোলে হারলাম। তখন লাউড্রপ ওদের দলে খেলত। তখন তো আমি অনেক ছোট, খুব কষ্ট হয়েছিল। ক্লাসিকো কিসের সঙ্গে তুলনীয়...জাভি: জেতাটা ঠিক রাগমোচনের মতো (হাসি)। এটা ক্যাসিনোতে অনেক কষ্টে উপার্জিত টাকা দিয়ে জুয়া খেলার মতো। জিতলে আপনার হূৎস্পন্দন হয়তো মুহূর্তের জন্য থেমে যাবে, কিন্তু হারলে... আপনাকে সিদ্ধান্ত নিতে বলা হলে মাদ্রিদ থেকে কাকে আনবেন?জাভি: আমার দুই বন্ধু—ইকার (ক্যাসিয়াস) ও জাভি আলনসোকে। শুধু নেওয়ার জন্যই নেওয়া, কারণ এ দুজনের কেউই আমাদের যারা আছে, তাদের চেয়ে ভালো হতে পারে না। মাদ্রিদের কোন খেলোয়াড়কে প্রশংসার চোখে দেখেন?জাভি: অবশ্যই রাউল। তার সঙ্গে এখনো আমার ভালো সম্পর্ক। এবং হিয়েরোও, সে আমার পছন্দের অধিনায়ক হতে পারত। দুর্দান্ত এক লোক, যদিও সবার কাছে তার ভাবমূর্তিটা বাস্তবের সঙ্গে মেলে না। এখানে (বার্সায়) সে ঘৃণার পাত্র।* স্পেনের এল মুন্ডো দেপোর্তিভো পত্রিকার সৌজন্যে