জাভির বিয়েতে তারার মেলা

তারার মেলা-ই বসেছিল বার্সেলোনায়। মেসি, ভিয়া, পেদ্রো, ফ্যাব্রিগাস, ইনিয়েস্তা, আলবা—কে আসেননি! ভাবছেন, এত বার্সা খেলোয়াড়ের ভিড়ে জাভির নাম কই? জাভি তো থাকবেনই, সবাই যে গত শনিবার তাঁরই বিবাহোত্তর অনুষ্ঠানেই এসেছিলেন। সতীর্থরা আসলে আঁচ করতে পারেননি কিছুই। দুই মাস আগে যখন জাভি নুরিয়া কুনিলেরার সঙ্গে ঘর বাঁধবেন বলে ঘোষণা দিলেন, খবরটা বিস্ময় হয়ে এসেছিল সবার কাছেই। ৩১ বছর বয়সী ফ্যাশন সাংবাদিক নুরিয়ার সঙ্গে জাভির সম্পর্কটা গাঢ় হয়ে ওঠে গত বছর ইউরোর পর থেকেই। ইউরোতেও জাভিকে সঙ্গ দিতে নুরিয়া ইউক্রেন-পোল্যান্ডেই ছিলেন। কিন্তু প্রেমটা তাঁরা চালিয়ে গেছেন চুপিসারে, ক্বচিৎ তাঁদের একসঙ্গে দেখা গেছে প্রকাশ্যে।বিয়েটা হয়ে গিয়েছিল তিন দিন আগেই। কনভেন্ট দ্য ব্লানসে বিবাহোত্তর সংবর্ধনায় স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে আসতে শুরু করেন অতিথিরা। সবার আগে সস্ত্রীক উপস্থিত বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেস। ফ্যাব্রিগাস, পেদ্রো, ভিয়া, মাচেরানো, ইনিয়েস্তাদের পর লিওনেল মেসি আসেন বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে। শুধু বার্সা-সতীর্থরাই নন, ছিলেন জাতীয় দলের সতীর্থ পেপে রেইনাও। ছুটি কাটাতে বাইরে যাওয়ায় ঘনিষ্ঠ বন্ধু ইকার ক্যাসিয়াস অবশ্য থাকতে পারেননি। দেশের বাইরে থাকায় আসেননি জেরার্ড পিকে ও কার্লোস পুয়োলও। সময়টাও দারুণ বেছে নিয়েছেন জাভি। আপাতত ফুটবলের ডামাডোল নেই। নবদম্পতি শিগগিরই মধুচন্দ্রিমায় যাবেন ভারত মহাসাগরের ছবির মতো ছোট্ট দ্বীপ সেশেলসে। ফিরেই ২৯ জুলাই দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা ৩৩ বছর বয়সী বার্সা মিডফিল্ডারের। ওয়েবসাইট।