জাভির মনে প্রতিশোধের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাভি হার্নান্দেজ
জাভি হার্নান্দেজ

জাভির মন বলছে আবার দেখা হবে। দেখা হবে এই বিশ্বকাপেই। কনফেডারেশন কাপের জ্বালাটা হয়তো মিটিয়ে নেওয়া যাবে খুব শিগগিরই।

কার সঙ্গে দেখা হবে? ব্রাজিল ছাড়া আর কে? কনফেডারেশন কাপে বিশ্ব চ্যাম্পিয়নদের যে ব্রাজিলের বিপক্ষে তিন গোলের লজ্জা গায়ে মাখতে হবে—ব্যাপারটা বোধ হয় স্বপ্নেও ভাবেননি স্প্যানিশ ফুটবলাররা। বিশ্বকাপ সামনে রেখে তাঁরা এখন বিভোর প্রতিশোধের স্বপ্নে।

মৌসুম প্রায় শেষ। আর কদিন পরই বিশ্বকাপ। বার্সেলোনা অধিনায়ক জাভি হার্নান্দেজ ভাবতে শুরু করে দিয়েছেন বিশ্বকাপ নিয়ে। তবে ভাবনার অনেকটা অংশ জুড়েই আছে তাঁর ব্রাজিলের বিপক্ষে প্রতিশোধের ব্যাপারটা, ‘আমার মন বলছে বিশ্বকাপে আমাদের সঙ্গে আবারও দেখা হবে ব্রাজিলের। তখন কনফেডারেশন কাপে হারের শোধটা তুলতেই হবে।’

বিশ্বকাপে নিজেদের গ্রুপ নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে জাভির। হল্যান্ড, চিলি ও অস্ট্রেলিয়ার মতো দল যখন তাঁদের প্রতিপক্ষ, তখন চিন্তাটা থাকবেই। বিশেষ করে গত বিশ্বকাপের ফাইনালের প্রতিপক্ষ হল্যান্ডের বিপক্ষে যখন প্রথম ম্যাচেই মাঠে নামতে হবে, তখন চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ থাকে বৈকি, ‘আমাদের গ্রুপটা যথেষ্ট বিপজ্জনক। ফাইনালের প্রতিপক্ষ হল্যান্ডের সঙ্গে আমাদের দেখা হয়ে যাচ্ছে প্রথম ম্যাচেই। চিলি তো যথেষ্ট শক্তিশালী। অস্ট্রেলিয়া যে কাউকেই চমকে দিতে পারে। এই গ্রুপে আমাদের মাথা ঠান্ডা রেখেই খেলতে হবে।’

বার্সেলোনার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে খুব একটা চিন্তিত নন জাভি। তাঁর বিশ্বাস, এই পরিস্থিতি থেকে উত্তরণের যথেষ্ট সম্ভাবনা ও ক্ষমতা তাঁর দলের আছে। পুরোনো কোচ পেপ গার্দিওলার সঙ্গে বর্তমান কোচ জেরার্ডো মার্টিনোরও কোনো তুলনা করতে রাজি নন তিনি, ‘আমার বিশ্বাস এই পরিস্থিতি থেকে আমরা ঘুরে দাঁড়াব। আমাদের সেই ক্ষমতা আছে। গার্দিওলা আমাদের কোচ ছিলেন। এখন মার্টিনো। প্রত্যেকেরই নিজস্ব ভাবনার জগত্ আছে। দুজনকে মিলিয়ে দেখলে হবে না।

বার্সেলোনার পারফরম্যান্স উত্তরণের জন্য মেসিকে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে মানেন জাভি, ‘এটা বিরাট স্বস্তির বিষয়, আশার বিষয়ও বটে। বিশ্বের সেরা ফুটবলার মেসি আমাদের দলে খেলে। ফলে বার্সেলোনাও দ্রুতই তাঁর পুরোনো পারফরম্যান্স ফিরে পাবে।’ ওয়েবসাইট।