জাভির মহানুভবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেন বা বার্সেলোনার হয়ে মাঝমাঠে ছিলেন ফুটবলশিল্পী। এ জন্য অগুনতি ফুটবলপ্রেমীর মনও জিতে নিয়েছেন জাভি হার্নান্দেজ। এবার ফুটবল মাঠের বাইরের কাজ দিয়ে মন জয় করলেন স্পেনের সাবেক মিডফিল্ডার। ভূমধ্যসাগরে ভাসমান শরণার্থীদের উদ্ধারের কাজে সাহায্য করতে নিজের প্রমোদতরিটিই একটি দাতব্য সংস্থাকে দিয়ে দিয়েছেন। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে শরণার্থী সমস্যা এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেকোনো সময়ের চেয়ে বেশি প্রকট। সমুদ্রপথে অন্য দেশে পালিয়ে যাওয়ার পথে মারা যাচ্ছেন অনেকে। প্রো-অ্যাকটিভ ওপেন আর্মস (পিওএ) নামের সংস্থাকে তাই নিজের প্রমোদতরি দান করেছেন জাভি। এটির নিলাম থেকে পাওয়া অর্থ গ্রিসের আশপাশে শরণার্থীদের উদ্ধারের কাজে ব্যবহার করবে সংস্থাটি। জাভিকে ধন্যবাদ জানিয়ে পিওএ টুইট করেছে, ‘আপনার মতো এমন পদক্ষেপই অনেক প্রাণ বাঁচাবে।’ মার্কা।