জাভির ম্যাচ জেতালেন পেদ্রো
জাভি, জাভি, জাভি—বার্সেলোনা-লেভান্তে ম্যাচ শুরুর আগে ন্যু ক্যাম্পের গ্যালারিজুড়ে ধ্বনিত হলো এই একটি নাম। ম্যাচের শেষেও জাভি। কোচ পেপ গার্দিওলা ম্যাচ শেষে বলেই দিলেন—এটা জাভির ম্যাচ, এই জয় জাভির।লেভান্তের বিপক্ষে নতুন বছরে বার্সেলোনার প্রথম জয়ে প্রত্যক্ষ কোনো অবদান নেই জাভির। মেসিবিহীন বার্সেলোনাকে পরশু টেনেছেন মূলত পেদ্রো রদ্রিগেজ আর দানি আলভেজ। ২-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন পেদ্রো। গোলের উৎস আলভেজ।তবু কেন এটা জাভির ম্যাচ? কারণ এ ম্যাচ যে জাভির ক্যারিয়ারে অনন্য এক মাইলফলক। এ ম্যাচ দিয়েই বার্সেলোনার হয়ে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড করে ফেললেন জাভি। এত দিন এই রেকর্ডটায় একক অধিকার ছিল মিগুয়েল বারনার্দো বিয়ানকুয়েত্তির। ১৯৭৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর টানা ১৫ বছর খেলেছেন মিগুয়েলি। বার্সেলোনার জার্সি গায়ে খেলেছেন ৫৪৯ ম্যাচ। প্রচণ্ড শারীরিক শক্তির অধিকারী স্প্যানিশ এই ডিফেন্ডারকে সবাই ডাকতেন ‘টারজান’। শারীরিক শক্তির দিক দিয়ে জাভি মোটেই টারজানের মতো নন। তবে গার্দিওলার কাছে জাভির অর্জনটা সুবিশাল, ‘যে অর্জনটা সে (জাভি) করেছে এক কথায় সেটা বিশাল। আমি ৩০০ ম্যাচ খেলেছি এবং এটাকেই বড় কিছু মনে হয়েছে তখন।’আগামীকালই কোপা ডেল রেতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ফিরতি লেগে খেললেই টারজানকে ছাড়িয়ে একক রেকর্ডের অধিকারী হবেন। গার্দিওলার বিশ্বাস, টারজানকে ছাড়িয়ে দিনে দিনে জাভি হয়ে উঠবেন কিংবদন্তি, ‘মিগুয়েলি ৫৪৯ ম্যাচ খেলেছে। ৩৮ বছর বয়সে অবসর নিয়েছে সে। জাভি ৫৪৯ ম্যাচ খেলে ফেলেছে ৩০ বছর বয়সেই। মিগুয়েলিকে জাভি ছাড়িয়ে যাবে। ও যদি ৭০০ ম্যাচও খেলে ফেলে তাতেও আমি বিস্মিত হব না।’একটি দিক দিয়ে অবশ্য মিগুয়েলকে অনেক আগেই ছাড়িয়ে গেছেন জাভি। মিগুয়েল তাঁর দেড় দশকের ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে বড় বলতে জিতেছেন কেবল দুটি লিগ শিরোপা। আর জাভি ৫টি স্প্যানিশ লিগের সঙ্গে দুবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন। কদিন পর ফিফা-ব্যালন ডি’অরও তো জিততে পারেন। তবে ব্যক্তিগত অর্জন নিয়ে জাভি কখনোই এত ভাবেন না। তাঁর বুকের মধ্যে শুধুই বার্সেলোনা। তাই ফিফা-ব্যালন ডি’অর জয়ের প্রশ্ন উঠতেই জাভি হেসে বলে দিলেন, ‘পুরস্কারটা যে-ই জিতুক, জয় তো বার্সেলোনারই হচ্ছে।’ সংক্ষিপ্ত তালিকায় তিনিসহ আর যে দুজন আছেন, সেই লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তাও বার্সেলোনার।জাভির মনপ্রাণজুড়ে বার্সেলোনারই থাকার কথা। ১৯৯১ সালে ১১ বছর বয়সে এই ক্লাবের যুব প্রকল্পে নাম লিখিয়েছিলেন। তার পর পর থেকে এই ক্লাবেই খেলছেন। জাভি আর বার্সা তাই সমার্থক। এ কারণেই বার্সা সমর্থকদের জাভিকে নিয়ে এত উচ্ছ্বাস আর জাভিও বলতে পারেন, ‘বার্সার জার্সি পরতে পেরে আমি গর্বিত। আমার মনপ্রাণ ঢেলে দিয়ে এই জার্সির মান রাখতে চাই। জিততে চাই আরও শিরোপা।’এক দিন বার্সেলোনার সঙ্গে মিলিয়ে জাভিকে হয়তো মানুষ বলবে ‘জাভিলোনা’! এএফপি, রয়টার্স।