জাভির '৩৪'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগে ন্যু ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে।
কদিন আগে ন্যু ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে।

যাকে বলে ফুটবল-পাগল, ছোটবেলায় ছেলেটি ছিল তা-ই। বাড়ির পাশের ছোট মাঠে সারা দিন ধরে চলত ফুটবল খেলা। স্কুল ছুটি হতো দুপুর ১২টায়। ঠিক সোয়া ১২টায় সে হাজির হতো ওই মাঠে। খেলা শুরুর পর ফুটবলে এতটাই বুঁদ হয়ে যেত, দুনিয়ার আর কিছুই মনে থাকত না তার। এ নিয়ে একটা মজার গল্পও রয়েছে। হয়েছে কী, একবার মা তাকে টাকা দিয়ে বুঝিয়ে বলেছিলেন, স্কুল ছুটির পর বেকারি থেকে রুটি কিনে সরাসরি বাসায় ফিরতে। কিন্তু খেলার তালে সে কথা কি আর মনে ছিল তার? বেমালুম ভুলে বসে ছিল! মনে পড়ল অনেক দেরিতে, বাসায় ফেরার পর।  

ছেলেবেলায় জাভি।
ছেলেবেলায় জাভি।

       
একজন সাচ্চা কাতালান হিসেবে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বার্সেলোনায় খেলবেন। বার্সার সব তারকা ফুটবলারের পোস্টার ছিল তাঁর সংগ্রহে। পেপ গার্দিওলা ছিল সবচেয়ে প্রিয় খেলোয়াড়। লা মাসিয়ায় ভর্তি হওয়ার প্রচণ্ড ইচ্ছেও ছিল। কিন্তু কখনোই ট্রায়ালে যাননি এই ভয়ে—ওখানে খেলার মতো যোগ্যতা হয়তো তাঁর নেই। কিন্তু বার্সেলোনাই তাঁকে আবিষ্কার করে, তখন বয়স সবে ১১। ঝটপট ভর্তিও হয়ে গেলেন কাতালান ক্লাবের যুব প্রকল্পে। বাবা জোয়াকিমের হাত ধরে সেই যে লা মাসিয়াতে পা রাখা, এরপর নিজের ফুটবলপ্রতিভা আর বার্সার নিবিড় পরিচর্যা—দুইয়ের অটুট মেলবন্ধনে তরতরিয়ে এগিয়ে চলা। কথা হচ্ছে জাভি হার্নান্দেজকে নিয়ে, নিজেকে যিনি প্রতিষ্ঠিত করেছেন বার্সার ‘ডিএনএ’ হিসেবে!
লা মাসিয়ায় যোগ দেওয়ার বছর সাতেক পরে ১৯৯৮ সালের ১৮ আগস্ট মায়োর্কার বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক জাভির। বার্সেলোনার প্রাণভোমরা হয়ে উঠতে খুব বেশি সময় লাগেনি। কিছুদিন পরই পেপ গার্দিওলা চোটের কারণে ছিটকে পড়লে মাঝ মাঠের মূল দায়িত্বটা অর্পণ করা হয় তাঁকেই। সেই শুরু, আজও অবধি দায়িত্ব পালন করে যাচ্ছেন নিষ্ঠার সঙ্গে। 

৯২-৯৩ মৌসুমে লা মাসিয়ায়।
৯২-৯৩ মৌসুমে লা মাসিয়ায়।

সময় নিয়ত প্রবহমান। ১৯৯১ থেকে ২০১৪—কেটেছে ২৩টা বছর। জাভি হার্নান্দেজ কদিন আগে খেলেছেন ক্লাবের হয়ে ৭০০তম ম্যাচ! এটি এমন এক মাইলফলক, যা বার্সেলোনার ১১৪ বছরের ইতিহাসে ছুঁতে পারেননি আর কোনো ফুটবলার। বার্সেলোনার চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার তিনটিতেই দলের অংশ ছিলেন, জিতেছেন সাতটি লা লিগা শিরোপা। ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে বাকি অসংখ্য অর্জনের কথা না হয় বাদই থাকল।

জাভির প্রতিভায় ভীষণ মুগ্ধ ছিলেন তাঁর সাবেক গুরু পেপ গার্দিওলা। একবার বলেছিলেন, ‘জাভি তো বার্সেলোনার ডিএনএ! আর ও তো আমার চেয়ে ভালো খেলে।’ স্থিধিসম্পন্ন গোছানো খেলা, দ্রুত মোড় নেওয়ার ক্ষমতা,  উদ্ভাবনী শক্তি আর  নিখুঁত পাসিং দক্ষতার কারণে শুধু গুণীজনদের স্তুতিবাক্যই শোনেননি; ঝুলিতে ভরেছেন অসংখ্য পুরস্কার। কেবল ক্লাবসাফল্যেই সীমাবদ্ধ নন জাভি। স্পেনের জার্সিতেও দারুণ সফল। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ, ২০১২ ইউরো—‘লা রোজা’দের শিরোপাত্রয়ী বিজয়ে জাভির ভূমিকা নতুন করে বলার নেই। বলা যায়, স্পেনের স্বর্ণযুগে অন্যতম  সাক্ষী তিনি। 

সময়ের ফিতে বাড়ছে ক্রমেই। বয়সটাও যে থেমে নেই। কোথায় থামবেন জাভি—এমন প্রশ্ন বাতাসে ভাসা মোটেও অমূলক নয়। অবসর-ভাবনা নিয়ে কদিন আগে এক সাময়িকীকে বলেছেন, ‘...বার্সাতেই শেষ করতে পারব কি না, জানি না। আমার তো ইচ্ছে রয়েছে। কিন্তু জানি না কী হবে।’ জাভি এগিয়ে যাবেন আরও অনেক দূরে, এমন চাওয়া দীর্ঘদিনের সতীর্থ কার্লোস পুয়োলের, ‘আমি তো ক্লাবের হয়ে ওর এক হাজার ম্যাচ না হওয়ার কোনো কারণ দেখি না।’ কেবল পুয়োল কেন, জাভির ভক্ত-সমর্থকেরা তাঁর ফুটবল-জাদু দেখতে চান আরও বহুদিন।  

জাভি হার্নান্দেজ কায়মনোবাক্যে ফুটবলার—ফুটবল বিনা তাঁর আর কোনো আরাধনা নেই। বিরল প্রজাতির এ ধ্রুপদি ফুটবলারের জন্মদিন আজ। ১৯৮০ সালের ২৫ জানুয়ারি, বার্সেলোনার তেরাসায় তাঁর জন্ম। শুভ জন্মদিন জাভি!