পাকিস্তানকে দারুণ এক জয় এনে দিলেন নাসির জামশেদ!গরমের কারণে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচগুলো এমনিতেই হচ্ছে দুই দিনজুড়ে। সন্ধ্যায় ম্যাচ শুরু হয়ে শেষ হচ্ছে পরদিন প্রথম প্রহরে। পরশু আগস্টের শেষ দিন শেষ প্রহরে যখন ব্যাটিংয়ে নামলেন জামশেদ, পাকিস্তানের সামনে তখন ২৪৯ রানের চ্যালেঞ্জ। আর সেপ্টেম্বরের প্রথম প্রহরে যখন ড্রেসিংরুমে ফিরছেন, পাকিস্তান তখন সেই চ্যালেঞ্জ জেতার পথে রয়েছে ভালোভাবেই! শেষ পর্যন্ত সহজ জয়ে ৩ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে জামশেদের দল। আক্ষেপ শুধু একটিই, দুর্দান্ত খেলেও সেঞ্চুরি পাননি মাত্র ৩ রানের জন্য।সাঈদ আজমলের স্পিন যথারীতি ধাঁধায় ফেলেছে অস্ট্রেলিয়ানদের। তার পরও ২৪৮ রান তুলতে পেরেছিল অস্ট্রেলিয়া। রান তাড়ায় বরাবরই নড়বড়ে পাকিস্তানের জন্য চ্যালেঞ্জটা ছিল যথেষ্টই কঠিন। কিন্তু শুরু থেকেই জামশেদের দুর্দান্ত স্ট্রোক প্লে এলোমেলো করে দিল অস্ট্রেলিয়ার পেস আক্রমণ। হাফিজের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৬৬ এল ১১ ওভারে। দ্বিতীয় উইকেটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া জুটি আজহার আলীর সঙ্গে, ১০১ রানের জুটিতে ৬৫-ই জামশেদের! বাঁহাতি ওপেনার অনসাইডে খেলেছেন দুর্দান্ত সব লফটেড শট ও পুল, চোখ ধাঁধানো টাইমিংয়ে অফসাইডে খেলেছেন দারুণ সব ড্রাইভ। দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিটা তবু পেলেন না। প্রচণ্ড গরমে শেষ দিকে পা ক্র্যাম্প করছিল, ক্লান্ত এক শটে মিড অফে ক্যাচ দিলেন ৯৭ রানে। ৯৮ বলের ইনিংসে ছিল ১১ চার ও ২ ছয়। জামশেদ আউট হওয়ার পর আর ৮২ রান দরকার ছিল পাকিস্তানের। আজহার (৮৬ বলে ৫৯*) ও অধিনায়ক মিসবাহ (৩৪ বলে ৩৫) সেই পথটা পাড়ি দিয়েছেন নির্বিঘ্নেই।প্রথম ম্যাচে আজমলকে ৩ উইকেট দেওয়ার পর স্পিন-রহস্য উদ্ঘাটনের প্রত্যয় ছিল ক্লার্কের কণ্ঠে। পরশু উল্টো আরও ঘুরপাক খেল আজমল-রহস্যে। এবার আজমল পেলেন ৪ উইকেট, শহীদ আফ্রিদির চোটে শেষ মুহূর্তে দলে ঢোকা জুনাইদ খান ৩টি। ‘মি. ক্রিকেট’ মাইক হাসি তার পরও বেইলি-ম্যাক্সওয়েলদের নিয়ে দলকে নিয়ে গিয়েছিলেন আড়াই শর কাছাকাছি। কিন্তু জামশেদের ব্যাটে যথেষ্ট হলো না এই রানও। অস্ট্রেলিয়ানদের ভুগিয়েছে প্রকৃতিও। তাদের ব্যাটসম্যানদের কাবু করে প্রচণ্ড গরম, শিশিরভেজা বল গ্রিপ করতে পারছিলেন না বোলাররা। সিরিজ নির্ধারণী ম্যাচটি আগামীকাল, শারজায়। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৪৮/৯ (ওয়েড ৭, ওয়ার্নার ২৪, ক্লার্ক ৩৭, মাইক হাসি ৬১, ডেভিড হাসি ০, বেইলি ৩৯, ম্যাক্সওয়েল ২৮, ক্রিস্টিয়ান ১৮, জনসন ২, প্যাটিনসন ২*, স্টার্ক ১১*; আজমল ৪/৩২, জুনাইদ ৩/৫২, হাফিজ ১/২৮, রেহমান ১/৫৪)। পাকিস্তান: ৪৩.৪ ওভারে ২৪৯/৩ (হাফিজ ২৩, জামশেদ ৯৭, আজহার ৫৯*, শফিক ৯, মিসবাহ ৩৫*; ক্রিস্টিয়ান ১/৪০, প্যাটিনসন ১/৪৬, জনসন ১/৫১)। ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী (সিরিজ ১-১-এ সমতা)। ম্যান অব দ্য ম্যাচ: নাসির জামশেদ।