জামশেদের কাছে হারল খুলনা
বিপিএল অন্তত গ্যালারিতে জমছে না। কিন্তু দর্শক না আসার দায় সাকিব আল হাসান কেন নেবেন! নিলেনও না। কাল চিটাগং কিংসের কাছে হারার পর অবলীলায় বলে দিলেন, ‘ভাই, আমি খেলা নিয়ে টেনশনে আছি, দর্শক নিয়ে না। দর্শক এলে ভালো, না এলে নাই। আমার কিছু আসে-যায় না।’কিন্তু খেলায় হারলে তো নিশ্চয়ই কিছু আসে-যায় খুলনা অধিনায়কের। টেনশনটা হয়তো সে কারণেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল ১৭১ রান করেও ৬ উইকেটে হার টেনশনের কারণও। তা ছাড়া সাকিবই বলেছেন, রানটাকে জেতার মতো মনে হচ্ছিল তাঁর কাছে, ‘আমাদের লক্ষ্য ছিল ১৬০ থেকে ১৭০ রান করব। সেটা করেছি। সেদিক থেকে আমাদের পরিকল্পনা ভুল হয়েছে মনে হয় না।’ সাকিবের দৃষ্টিতে পরাজয়ের কারণ বরং বোলিং আর ফিল্ডিংই, ‘আমার মনে হয় ফিল্ডিংয়ে আমাদের যতটা সামর্থ্য আছে ততটা ভালো করতে পারিনি। বোলিংয়ে যে পরিকল্পনা ছিল, সেটাও কাজে লাগাতে পারিনি। তা ছাড়া ওদের নাসির জামশেদ ভালো ব্যাটিং করেছে।’সাকিবের শেষ কথাটা আসল পুরো খুলনা রয়্যাল বেঙ্গলসেরই কথা—পরাজয়টা নাসির জামশেদের কাছেই। ঢাকার ঘরোয়া ক্রিকেটে চার বছর ধরে খেলার সুবাদে এখানকার জলহাওয়াও ভালোই চেনা এই পাকিস্তানির। ৪৭ বলে অপরাজিত ৮৬ করেছেন, তিন ছক্কার সঙ্গে দশ বাউন্ডারি। কুঁচকির চোটের কারণে খেলেননি তামিম ইকবাল। তাঁর জায়গায় ইনিংস শুরু করতে নামা জহুরুল দলকে ১৮ রানে রেখে আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটে নাসির-জেসন রয় (৩৬) গড়েছেন ৮৮ রানের জুটি। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে জহুরুল আউট হওয়ার পর পাওয়ার প্লের যে সাড়ে চার ওভার পেয়েছেন, তাতেই এসেছে ৫১। ইনিংসের ১১তম ওভারে রয় ও মাহমুদউল্লাহকে ফিরিয়ে বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক চিটাগং কিংসকে কিছুটা চাপে ফেলেছেন। কিন্তু ধরে রাখা যায়নি সে চাপ। ডোয়াইন ব্রাভো ও ফয়সাল হোসেনকে নিয়ে নাসির জামশেদ নিশ্চিত করেছেন চিটাগং কিংসের টানা দ্বিতীয় জয়।এর আগে ১০.৪ ওভার স্থায়ী ৮৯ রানের উদ্বোধনী জুটিতে খুলনা রয়্যাল বেঙ্গলসের শুরুটা ভালো করেছিলেন শিবনারায়ণ চন্দরপল (৫৯) ও হার্শেল গিবস (৩৪)। সঙ্গে ডোয়াইন স্মিথের ২৬ বলে অপরাজিত ৩৯, আগের ম্যাচের সেরা আন্দ্রে রাসেলের ১৬ বলে ২৪। বোলারদের সাহস দেওয়ার মতো রানই এনে দিয়েছিল ব্যাটসম্যানদের সম্মিলিত অবদান। সেই সাহস নিয়েও বোলাররা ব্যর্থ বলে দ্বিতীয় ম্যাচে প্রথম পরাজয়ের স্বাদ পেল খুলনা। সঙ্গে দলে জয়াসুরিয়ার অনুপস্থিতি নিয়েও ফিসফাস। ফ্র্যাঞ্চাইজি সূত্রে অবশ্য জানা গেছে, আজ বরিশাল বার্নার্সের বিপক্ষে দেখা যেতে পারে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ককে। সংক্ষিপ্ত স্কোরখুলনা রয়েল বেঙ্গলস: ২০ ওভারে ১৭১/৩ (চন্দরপল ৫৯, স্মিথ ৩৯*, গিবস ৩৪, রাসেল ২৪; মাহমুদউল্লাহ ২/১৮, ব্রাভো ১/৩৪)। চিটাগং কিংস: ১৯.১ ওভারে ১৭৪/৪ (নাসির জামশেদ ৮৬*, রয় ৩৬, ফয়সাল ১৭*, ব্রাভো ১২, জহুরুল ১০; রাজ্জাক ২/৭, শফিউল ১/৩৬, রাসেল ১/৩৮)। ফল: চিটাগং কিংস ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাসির জামশেদ।