জামাই আদর পাচ্ছেন না আগুয়েরো
একান্ত বাধ্যানুগত জামাই? না, সার্জিও আগুয়েরো মোটেও তা নন। শ্বশুর ডিয়েগো ম্যারাডোনা তাঁকে পুতুলনাচের পুতুল বানিয়ে রেখেছেন, ম্যারাডোনা যা বলেন, আগুয়েরো অক্ষরে-অক্ষরে সেটা পালন করেন—এ ধরনের খবর বেরিয়েছে কদিন আগে। অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার বলেছেন, সবই ডাহা মিথ্যা। ম্যারাডোনা নন, নিজের ক্যারিয়ারের সিদ্ধান্ত তিনি নিজেই নেন।‘খেলাটা আমিই খেলি এবং নিজের জীবনের সিদ্ধান্ত সব আমিই নিই। এখন আমার যেটা লক্ষ্য, মৌসুমটা ভালোমতো শেষ করা’—আর্জেন্টিনার এক পত্রিকাকে বলেছেন এই ২১ বছর বয়সী।শ্বশুর মশাইয়ের কথা শোনা যে একেবারেই খারাপ, তা কিন্তু নয়। ম্যারাডোনা খারাপ পরামর্শও দেননি। বলেছিলেন, আগুয়েরো যে মাপের খেলোয়াড়, তাতে তাঁর উচিত চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবে পাড়ি জমানো। এই দুই ইংলিশ ক্লাব আগুয়েরোকে কিনতে আগ্রহীও। কিন্তু আগুয়েরো বোধহয় অ্যাটলেটিকোর মায়াজালে বাঁধা পড়েছেন। স্প্যানিশ ক্লাবটি ছাড়ার ব্যাপারে খুব একটা উত্সাহী মনে হচ্ছে না তাঁকে।কিন্তু ম্যারাডোনার পরামর্শ নিয়ে উত্সাহের কমতি নেই সংবাদমাধ্যমের। আরও অনেক খেলোয়াড়ের ব্যাপারেই কোচ এমন মন্তব্য করেছেন। কিন্তু ম্যারাডোনার সঙ্গে তাঁর সম্পর্কটার কারণেই পত্রপত্রিকাগুলো আগুয়েরোর বিষয়টি নিয়েই মাতামাতি করেছে বেশি।কোচ ম্যারাডোনাও অবশ্য ‘জামাই আদর’ দেন না তাঁকে। বরং ২০১০ বিশ্বকাপের দলে জায়গা পেতে কঠিন এক লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে আগুয়েরোকে। যা ফর্ম, তাতে মেসি-তেভেজ-হিগুয়েইন ম্যারাডোনার প্রথম পছন্দ অবশ্যই। ডিয়েগো মিলিতোও খেলছেন ভালো। মার্টিন পালের্মোর ব্যাপারে ম্যারাডোনার ব্যক্তিগত দুর্বলতাও আছে। স্ট্রাইকারদের তালিকায় কি ঠাঁই হবে আগুয়েরোর?ম্যারাডোনার ছোট মেয়ে জিয়ান্নিনার বর ভালো করেই জানেন, সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁর জন্য, ‘আক্রমণভাগে আর্জেন্টিনার বেশ কজন ভালো খেলোয়াড় আছে। আমাকে আমার সর্বোচ্চ চেষ্টাটাই করতে হবে। এরপর কোচই সিদ্ধান্ত নেবেন, আমাকে খেলাবেন কি খেলাবেন না।’ ওয়েবসাইট।