জামাই টেন্ডুলকারে মুগ্ধ শাশুড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী অঞ্জলির সঙ্গে টেন্ডুলকার
স্ত্রী অঞ্জলির সঙ্গে টেন্ডুলকার

অ্যানাবেল মেহতা নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। তাঁর মেয়ে অঞ্জলিকে তিনি এমন একটি ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন, যিনি ক্রিকেট বিশ্বের এক জীবন্ত কিংবদন্তি। হ্যাঁ শচীন টেন্ডুলকারের কথাই বলা হচ্ছে। তবে শাশুড়ি অ্যানাবেল মেহতার মুখে জামাই-বন্দনা যতটা না কিংবদন্তি ক্রিকেটারের, তার চেয়েও বেশি একজন বড় হূদয়ের মানুষের জন্য।

১৯৯৮ সালে বিয়ের পর থেকেই টেন্ডুলকার তাঁর শাশুড়ির দাতব্য সংস্থা ‘আপনালয়ে’র সঙ্গে জড়িত। অ্যানাবেল এই সংস্থার সঙ্গে জড়িত ৪০ বছর ধরে। তিনি গত ১৫ বছর তাঁর জামাইকে দেখছেন একজন হূদয়বান পুরুষ হিসেবে, যাঁর পারিবারিক মূল্যবোধ অন্য পর্যায়ের। তিনি জানিয়েছেন, টেন্ডুলকার এই আপনালয়ের মাধ্যমে যে কত শিশুর পড়াশোনার ব্যয়ভার বহন করে আসছেন, তা হিসাব রাখা সত্যিই যথেষ্ট কঠিন। 

জামাই টেন্ডুলকারের এই ব্যাপারটি দারুণ মুগ্ধ করে শাশুড়িকে, ‘সামাজিক দায়বদ্ধতা সবার মধ্যে থাকে না। টেন্ডুলকার এটা পেয়েছে তাঁর বাবা রমেশ টেন্ডুলকারের কাছ থেকে। এক অসাধারণ বাবার অসাধারণ সন্তান সে।’

টেন্ডুলকারের পরিবারের পারিবারিক মূল্যবোধও দারুণ আকর্ষণ করে অ্যানাবেলকে, ‘তাঁর বাবা রমেশ টেন্ডুলকার তাঁর ছেলে-মেয়েদের অসাধারণ মূল্যবোধে মানুষ করেছেন। এত বড় ক্রিকেটার, এত ব্যস্ততা, কিন্তু তাঁর কাছে পরিবারই সবার আগে। সত্যিই আমি খুবই গর্বিত আমার জামাইকে নিয়ে।’

ক্রিকেটার টেন্ডুলকার সম্পর্কে শাশুড়ির মূল্যায়নটা কেমন এবার জেনে নেওয়া যাক, ‘কোনো সন্দেহ নেই, সে সর্বকালের সেরা ক্রিকেটার। কিন্তু মানুষ হিসেবে সে তার চেয়েও বড়।’ সূত্র: পিটিআই।