জামাই বোমেলের পাশে মারউইক
লোকে যা বলে বলুক। কোচ বার্ট ফন মারউইক ঠিকই দাঁড়িয়ে গেছেন পাশে। মার্ক ফন বোমেলের আর চিন্তা কী? শুধু পাশে দাঁড়ানোই নয়, সবার চাপিয়ে দেওয়া দোষটা দুই হাতে সরিয়ে কোচ ঘোষণা করছেন, বোমেল নোংরা খেলোয়াড় নন, ‘লোকে কী বলল, তার সঙ্গে আমি একমত নই।’রাফ অ্যান্ড টাফ খেলার জন্য ফন বোমেলের বিশেষ একটা ‘খ্যাতি’ আছে। মার্কো ফন বাস্তেনের সময় দীর্ঘ দুই বছর কমলা জার্সিটা উপেক্ষাই করেছে তাঁকে। পরে ফন মারউইক দায়িত্ব নেওয়ার পর দলে টানেন জামাতা বোমেলকে।বিশ্বকাপের ফাইনালে স্পেনের মাঠের কর্তৃত্ব থামিয়ে দেওয়ার পন্থা খুঁজে বের করার চেষ্টা করবে হল্যান্ড। আর এই কাজে অনেকে আদর্শ অস্ত্র রূপে দেখছেন বোমেলকে। কিন্তু ৩৩ বছর বয়সী বোমেলের কিছু বদনামও হয়ে গেছে। ফাউল করেও অনেকবারই রেফারির নজর এড়িয়ে গেছেন। সেমিফাইনালে অধিনায়ক জিওভানি ফন ব্রঙ্কহর্স্ট অসাধারণ গোলের ঠিক আগেই উরুগুয়ের ওয়াল্টার জার্গানোকে কুৎসিতভাবে ফাউল করেন বোমেল। কিন্তু দর্শক? তারা বোমেলের এই আচরণে নিরাশই। বিভিন্ন ওয়েবসাইটে সেটা প্রকাশও পেয়েছে।কিন্তু স্পেনের জাভি, আন্দ্রেস ইনিয়েস্তার হুমকি থামাতে বোমেলকেই প্রয়োজন হল্যান্ডের। তা ছাড়া লোকের কথা যে সত্যি নয়, এবারের বিশ্বকাপই তার প্রমাণ। মোটে একটি হলুদ কার্ড পেয়েছেন তিনি। উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালে পাওয়া কার্ডটি ফাউলের কারণে নয়, শেষ বাঁশি বেজে গেছে মনে করে বল লাথি মেরে দূরে পাঠিয়ে দেওয়ার জন্য। ওয়েবসাইট।