জামাই-শ্বশুর বনাম রোমারিও
এত দিন রোমারিও মুখেই বলে এসেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি রিকার্ডো টিসেরার দুর্নীতির কথা। এবার ফেডারেশন সভাপতির দুর্নীতি খুঁজে বের করতে চান ১৯৯৪ বিশ্বকাপের নায়ক। সাংসদদের নিয়ে গঠিত কমিটি নিয়ে টিসেরার দুর্নীতির তদন্ত শুরু করতে যাচ্ছেন রোমারিও।টিসেরার বিরুদ্ধে অভিযোগ, নব্বইয়ের দশকে ফিফার বিপণন সহযোগী (মার্কেটিং পার্টনার) আইএসএলকে সুবিধা করে দিয়ে টিসেরা আর্থিক সুবিধা নিয়েছিলেন। টিসেরার সঙ্গে লাভবান হয়েছিলেন তাঁর শ্বশুর ফিফার সভাপতি সেপ ব্ল্যাটারের পূর্বসূরি জোয়াও হাভেলাঞ্জও। আইসিএলকে সুবিধা পাইয়ে দিয়ে টিসেরা এবং হাভেলাঞ্জের ঘুষ নেওয়াটা আলোচিত হলেও ফিফা কখনোই তাদের নাম প্রকাশ করেনি। তবে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে, টিসেরা ও হাভেলাঞ্জ উপঢৌকনের সাত মিলিয়ন মার্কিন ডলার ফেরত দিয়েছিলেন।আর তিন বছর পরই ব্রাজিলে বিশ্বকাপ। সেই বিশ্বকাপের সাংগঠনিক কমিটির প্রধান আবার টিসেরা। ওই বিশ্বকাপের আগেই অতীতে দুর্নীতি হয়েছিল কি না, সেটা নিশ্চিত হতে চান রোমারিও ও তাঁর পার্লামেন্ট সতীর্থরা। কারণ, রোমারিও মনে করেন, বিশ্বকাপের আগে দুর্নীতির পুরোনো নথিপত্র প্রকাশ করার সঙ্গে স্বচ্ছতা এবং সততার একটা ব্যাপার জড়িত।পুরোনো সেই নথিপত্র প্রকাশের জন্য ফিফার ওপর চাপ সৃষ্টি করবেন রোমারিওরা। অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে ফিফার দুর্নীতি ব্যাপকভাবে প্রকাশ পাওয়ায় সংস্থার ভাবমূর্তি পুনরুদ্ধারকল্পে সেপ ব্ল্যাটার গত ১০ বছরের সব দুর্নীতির নথিপত্র প্রকাশ করবেন বলে জানিয়েছেন। আগামী মাসের ১৬ ও ১৭ তারিখ টোকিওর বৈঠকে আইসিএলের নথিপত্রও নির্বাহী কমিটি দেখাবে বলে জানিয়েছেন তিনি।গত বুধবার ফিফার সাধারণ সম্পাদক জেরম ভালকে এবং টিসেরা এক পরিষদীয় বৈঠকে মিলিত হন। সেখানে ফিফা এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে রোমারিও কিছু প্রশ্ন রাখেন, যার বেশির ভাগ উত্তরই এড়িয়ে গেছেন তাঁরা।১৯৮৯ সালে ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের সভাপতি হওয়ার পর টিসেরার বিরুদ্ধে অনেক অনিয়মেরই অভিযোগ উঠেছে। ব্রাজিলের কংগ্রেস দুবার তদন্ত শুরু করেও এগোতে পারেনি। আইএসএলের উপঢৌকনের বিষয়ে এক কৌঁসুলি এ বছরের গোড়ার দিকেও ব্রাজিলিয়ান পুলিশকে তদন্তের নির্দেশ দেন। টিসেরা সব সময় অভিযোগ অস্বীকার করে এসেছেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় পার পেয়ে গেছেন।এবারও কি পার পেয়ে যাবেন? ‘প্রতিপক্ষ’ যখন রোমারিও, তখন কী হয়—কৌতূহল নিয়েই সেদিকে তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব। ওয়েবসাইট।