জামাতার প্রতি ম্যারাডোনা
জামাতাকে নিয়ে ম্যারাডোনা খুব ভাবেন। সার্জিও ‘কুন’ আগুয়েরোর কোন ক্লাবে খেলা উচিত বা কোন লিগে, কোথায় খেলা উচিত নয়—অনেকই পরামর্শ দিয়েছেন ম্যারাডোনা। শ্বশুর সাহেবের এখন ধারণা, ম্যানচেস্টার সিটিতে গিয়ে ভুল করেছেন আগুয়েরো। আর্জেন্টাইন স্ট্রাইকারের নাকি উচিত রিয়াল মাদ্রিদে খেলা, রোনালদোর সঙ্গে আগুয়েরো গড়ে তুলতে পারেন বিস্ফোরক এক জুটি!পাঁচ বছর অ্যাটলেটিকো মাদ্রিদে খেলে গত বছরই ৩ কোটি ৮০ লাখ ইউরোতে সিটিতে যোগ দিয়েছেন আগুয়েরো। গুঞ্জন আছে, সে সময় তাঁকে দলে পেতে চেয়েছিল রিয়াল মাদ্রিদও। তবে আগুয়েরো একবার বলেছিলেন, ‘আর’ আদ্যক্ষরের কোনো ক্লাবে কখনোই খেলবেন না। ২৩ বছর বয়সী স্ট্রাইকারের ইঙ্গিত ছিল অ্যাটলেটিকোর নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও আরেক প্রবল প্রতিদ্বন্দ্বী রেসিং সান্তান্দারের দিকে। তবে ম্যারাডোনা মনে করেন ওই প্রতিজ্ঞা থেকে বেরিয়ে আসা উচিত আগুয়েরোর, ‘কুনকে অবশ্যই রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে হবে। রিয়ালে গেলে ওর ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে। যদিও সিটির হয়ে ও খুব ভালো করছে, কিন্তু ওর জন্য সবচেয়ে ভালো হবে রিয়াল মাদ্রিদে খেলা। ও বড় একটা ভুল করে ফেলেছে।’১৬ গোল করে এ মৌসুমে এখন পর্যন্ত সিটির সর্বোচ্চ গোলদাতা আগুয়েরো। সিটি নিশ্চয়ই সোনার ডিম পাড়া হাঁসকে বিক্রি করতে চাইবে না! তবে আর্জেন্টাইন কিংবদন্তির ধারণা, রিয়াল প্রেসিডেন্ট চাইলে সিটিকে ঠিকই রাজি করাতে পারবেন, ‘সিটির হয়ে ও এত ভালো করছে, ওকে নিয়ে আসা কঠিনই হবে। সিটি নিশ্চয়ই আগুয়েরোকে রেখে দিতে চাইবে, মানচিনির পরিকল্পনায় ও ভালোমতোই আছে। কিন্তু রিয়াল মাদ্রিদ যদি কাউকে চায়, তাকে নিয়েই ছাড়ে। ফ্লোরেন্তিনো পেরেজের সামর্থ্য সীমাহীন। সিটিকে স্রেফ রাজি করানোর ব্যাপার। অর্থ কোনো সমস্যা নয়, সেটা রিয়ালের অনেক আছে।’ম্যারাডোনার যুক্তি, নিজেদের স্বার্থেই আগুয়েরোকে নেওয়া উচিত রিয়ালের, ‘কুন রিয়ালের হয়ে খেললে ওরা বার্সেলোনার আরও কাছাকাছি চলে আসবে। তখন হয়তো দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদো ৬০ বা তার বেশি গোল করে ফেলবে, কারণ কুন প্রতিপক্ষের পুরো রক্ষণভাগকে নাড়িয়ে দেবে।’ ওয়েবসাইট।