জামানের ক্রীড়া পরিবার
পেশায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালতের অফিস সহকারী। একটা খাবারের হোটেল আছে, সেটি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন অন্য একজনকে। বাবলু জামান খেলাধুলা নিয়েই অনেকটা সময় কাটান। খেলা তাঁর নেশা। সেই নেশা ছড়িয়ে পড়েছে জামানের পরিবারেও। আস্তে আস্তে সেটি হয়ে গেছে ক্রীড়াপরিবার। বাংলাদেশের রুগ্ণ খেলাধুলার সংসারে যা ব্যতিক্রমী এক ছবিই।দুই মেয়ে, স্ত্রী, ছোট বোনকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে পরশু রাতে ঢাকায় এসেছেন জামান। বরাবরের মতো উদ্দেশ্য সেই খেলাই। এবার নিয়ে কবার এলেন? জামান গুনে শেষ করতে পারেন না, ‘১৭-১৮ বার তো হবেই।’এর আগে এসেছেন কারাতে-জুডো-বক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে। মেয়েরা খেলে আর তিনি উৎসাহ জোগান। এবারের উপলক্ষ—২৮তম জাতীয় সিনিয়র পুরুষ ও তৃতীয় জাতীয় মহিলা কুস্তি।আয়োজকেরা থাকার ব্যবস্থা করেছেন পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামের ওপর। খেলাটা যেহেতু হ্যান্ডবল স্টেডিয়ামেই হচ্ছে, তাই সেখানেই পরিবার নিয়ে উঠেছেন ক্রীড়া-অন্তঃপ্রাণ মানুষটি, যাঁর কাছে খেলা হচ্ছে ‘মনের খোরাক’।জাতীয় কুস্তির প্রথম দিনে খেলা ছিল জামানের মেজো মেয়ে মাউন জেরা বর্ণার। ১৪ বছরে পা দেওয়া কিশোরী খেলছে ৪০ কেজি ওজন-শ্রেণীতে। জিতে যাওয়ায় মা-বাবার সে কী আনন্দ!বর্ণা ৪৮ কেজি ওজন-শ্রেণীতে কারাতে জেলা চ্যাম্পিয়ন। ১২ বছরের ছোট মেয়ে উম্মে সালমা এই কুস্তি প্রতিযোগিতায় খেলছে ২৫ কেজি ওজন-শ্রেণীতে। সেও তার বিভাগে জেলা কারাতে চ্যাম্পিয়ন। ভাতিজিদের সঙ্গী হওয়া ফুপু মৌসুম খাতুনও কারাতেকা। ঢাকায় এই সফরে তিনিও কুস্তি প্রতিযোগী। ‘আমার ছোট ভাইয়ের তিন মেয়েও কারাতেকা’—যোগ করলেন জামান।জুডোও খুব পছন্দ। তবে মূল পরিচয় কারাতেকাই। তিন মেয়ের বড়জন, মরিয়ম খাতুন তো গত ফেব্রুয়ারিতে এসএ গেমসে কারাতেতে সোনা জিতে এলাকায় ‘বিখ্যাত’ই করে ফেলেছে নিজের পরিবারকে।জামান নিজে কারাতে প্রশিক্ষক। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ছোট্ট জিমনেসিয়ামটায় প্রতিদিন গোটা পঞ্চাশেক ছেলেমেয়েকে প্রশিক্ষণ দেন। স্ত্রী মাহবুবা জামান বিয়ের আগে অ্যাথলেটিকস করতেন। বিয়ের পর স্বামীর কাছে পেয়েছেন কারাতের তালিম। এখন তিনি চাঁপাইনবাবগঞ্জের জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা দুটোরই সদস্য।৪৪ বছরে পা দেওয়া বাবলু জামান সাদাসিধে মানুষ। খেলাধুলায় আনলেন কেন মেয়েদের? চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় জামান বলেন, ‘খেলাধুলা আমার খুব ভাল লাগে। তাই মেয়েদেরও লিয়ে আসছি।’ জানিয়ে দেন নিজের সুপ্ত বাসনাও, ‘আমি চাই, দেশকে ওরা কিছু দেবে।’