জামাল-রাসেল ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ মাহমুদুল হককে (লিটন) যতটা খুশি দেখাল, শেখ জামাল ধানমন্ডির কোচ পাকির আলী ছিলেন ততটাই বিমর্ষ। পাকির আলী দায়িত্ব নেওয়ার পর ‘বড় ভাই’ শেখ জামালের জয়ের ধারায় ছেদ টানল যে ‘ছোট ভাই’ শেখ রাসেল। টানা তিন ম্যাচ জয়ের পর ড্র দেখল শেখ জামাল ধানমন্ডি, কাল তারা গোলশূন্য ড্র করল শেখ রাসেলের সঙ্গে। মৌসুম সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপেও এই দুই দলের ম্যাচটা ছিল গোলশূন্য ড্র। আট ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট রইল ১৫।কালকের ম্যাচে শেখ জামালের জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি হতে পারেননি পাকির আলী। অন্তত গোটা চারেক সহজ সুযোগ নষ্ট করেছেন এনামুল, এমিলি, শাকিলরা। ৪৫ মিনিটে জাহিদের বাড়িয়ে দেওয়া চমৎকার একটা বল নিয়ন্ত্রণে নিতে না পেরে বক্সের মধ্যে পড়ে যান এমিলি। ৫৪ মিনিটে জাহিদের ফ্রি-কিক শেখ রাসেলের গোলরক্ষক মামুনের হাত ফসকে বেরিয়ে এলে কাছে থাকা শাকিল বলটা পোস্টে ঠেলতে পারেননি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া শেখ জামাল অতিরক্ষণাত্মক রাসেলের কাছ থেকে গোল আদায় করতে পারেনি। শেখ রাসেলের কোচ মাহমুদুলের কথা, ‘গোল করতে না পারলেও যেন গোল না খাই সেটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা ১ পয়েন্ট পেয়েই খুশি।’ পাকির আলী হতাশ তাঁর স্ট্রাইকারদের ব্যর্থতায়, ‘জাতীয় দলের খেলোয়াড়দের কাছ থেকে এভাবে গোল মিস কেউই আশা করে না।’