জামাল-রাসেল মুখোমুখি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা লড়াই এখনো মাঝরেখা পেরোয়নি। তবে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। এই হাড় কাঁপানো শীতেও ক্লাবগুলো বেশ তেতে আছে। আগুনের তাপটা একটু বেশিই লাগছে শিরোপার দাবিদার দলগুলোর গায়ে। কেননা পড়তে হয়েছে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে। এখন পা হড়কালে বিপদ। সেই শঙ্কা মাথায় নিয়েই আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি শেখ জামাল-শেখ রাসেল। বিকেল সাড়ে চারটায় শুরু ম্যাচটা দুই দলের কাছেই পাচ্ছে বাড়তি গুরুত্ব।লিগ টেবিলে একমাত্র অপরাজিত শেখ জামালের পয়েন্ট ৬ ম্যাচে ১৬। সমান ম্যাচে ১ পয়েন্ট কম শেখ রাসেলের। এক ম্যাচে বেশি খেলে আবাহনীর পয়েন্ট ১৬। দলগুলো একে অন্যের ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলছে। শেখ রাসেল ও শেখ জামালের সর্বশেষ সাক্ষাৎ গত ফেডারেশন কাপ ফাইনালে। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে গোল করে ২-১ ব্যবধানে জিতে যায় রাসেল। দুই দলের চারটি লিগ লড়াইয়ে অবশ্য শেখ জামাল এগিয়ে, তাদের জয় দুই ম্যাচে। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। শেখ জামালের বড় শক্তির জায়গা আক্রমণভাগ। তিন আফ্রিকান খেলোয়াড় সানডে, ওতোজেরেরি ও কেস্টার যেকোনো রক্ষণ ভাঙতে পারেন। অন্যদিকে মামুনুল, তারেক ও সনিকে নিয়ে গড়া শেখ রাসেলের শক্তি মাঝমাঠ। সে অর্থে বলা যায়, আজ লড়াইটা মাঝমাঠ বনাম আক্রমণভাগের।শেখ রাসেল শুরুতে একটু এলোমেলো থাকলেও নিজেদের ফিরে পেয়েছে। পাসিং ফুটবল খেলছে। গোলে ফিরেছেন স্ট্রাইকার মিঠুন। এমিলি ফর্মে আছেন। তবে জাহিদ নেই। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন এই উইঙ্গার। কাঁধের চোটে তাঁকে তিন সপ্তাহ কাটাতে হতে পারে মাঠের বাইরে।তার পরও শেখ রাসেলের কোচ মারুফুল হক জয়ের ব্যাপারে আশাবাদী, ‘জাহিদ না থাকলেও আশা করি সমস্যা হবে না।’ শেখ জামালের কোচ যোসেফ আপুসির অঙ্গীকার, ‘শুধু জয় নয়, ভালো ফুটবলও খেলতে চাই আমরা।’