জামাল-রাসেল লড়াই আজ
বাংলাদেশ লিগে আজ আরেকটি বড় ম্যাচ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল-শেখ রাসেল ম্যাচটার পর শিরোপা লড়াইয়ের ছবিটা খানিক পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। হরতালের কারণে ম্যাচটা নির্ধারিত সময় বিকেল সোয়া চারটার পরিবর্তে শুরু হবে রাত আটটায়।১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সবার ওপরে শেখ জামাল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট মুক্তিযোদ্ধার, শেখ রাসেলের ৩৮। ১৭ ম্যাচে আবাহনীর ৩৬। ২২ ম্যাচের লিগে আজ জামাল জিতলে শিরোপা দৌড়ে এগিয়ে যাবে। ড্র হলে লিগ উন্মুক্ত হবে আরও। জিতলে দৌড়ে এগিয়ে আসবে শেখ রাসেল।শেখ জামাল অধিনায়ক আমিনুল বলছেন, ‘সুবর্ণ সুযোগ আমাদের সামনে। এটা কাজে লাগাতেই হবে।’ শেখ রাসেল অধিনায়ক আমিনুলের কথা, ‘জিতলে আমাদের ভালো সুযোগ থাকবে, তাই জয়ের জন্য সর্বাত্মক লড়ব। আমরা চাই ভালো রেফারিং।’শেখ রাসেল কোচ মাহমুদুল হক লিটন আজ মাঠে ঢুকতে পারবেন না। আগের ম্যাচে ফেনীতে স্থানীয় সকারের বিপক্ষে রেফারিকে বোতল ছোড়ার অভিযোগে তাঁকে এই শাস্তি দিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।ইসমাইলের বদলি: মোহামেডানের সদ্যপ্রয়াত রুয়ান্ডান ফুটবলারের বদলি হিসেবে সাদা-কালোদের একজন ফুটবলার নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ লিগ কমিটির বিশেষ বিবেচনায় মোহামেডান দলে নিয়েছে নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর নাদিকে। কাল প্রথম একাদশেই খেলেছেন তিনি।