জামাল-রাসেলকে চায় হকি
গত জুনে দায়িত্ব নেওয়ার পর কালই প্রথম ফেডারেশনে এলেন হকির নতুন সভাপতি এয়ার মার্শাল আবু এসরার। মওলানা ভাসানী স্টেডিয়ামে বসে জাতীয় দলের খেলোয়াড়দের প্রস্তুতি ম্যাচ দেখলেন বিমানবাহিনীর প্রধান। হকির অচলাবস্থা কেটে যাওয়ায় দারুণ খুশি ফেডারেশন সভাপতি এখন প্রিমিয়ার হকি লিগে দল বাড়াতে চান। শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেল ক্রীড়াচক্রের মতো বড় ক্লাবগুলোকে প্রিমিয়ার লিগে দল গড়ার প্রস্তাব দেবেন।
আবু এসরার কাল বলছিলেন, ‘এখন প্রিমিয়ার লিগে দল আছে ১২টি। আমরা যদি প্রিমিয়ারে ১৬টি ক্লাব করতে পারি সেটা হকির জন্যই ভালো হবে। শেখ জামাল, শেখ রাসেল ক্লাব ফুটবলে অনেক ভালো করছে। এই ক্লাবগুলো হকিতে এলে এখানেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে। এ জন্য তাদের দল গড়তে দ্রুতই একটা প্রস্তাব দেব।’
তবে প্রস্তাব পেলেও আপাতত হকিতে আসার সম্ভাবনা নেই শেখ জামাল ধানমন্ডির। ক্লাবটির সভাপতি মনজুর কাদের বললেন, ‘আমরা এখনো হকির জন্য প্রস্তুত নই। প্রথমত আমাদের যে মাঠ আছে সেটি হকি খেলার উপযোগী না। টার্ফ লাগবে। তা ছাড়া আমরা এরই মধ্যে ফুটবল ও ক্রিকেটের মতো দুটো ব্যয়বহুল খেলায় আছি। এরপর হকিতে যাব কি না সেটা কার্যনির্বাহী কমিটিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।’
শেখ রাসেল ক্লাব অবশ্য হকিতে আগ্রহী। ক্লাব সভাপতি নুরুল আলমের কথা, ‘আমরাও চাই হকিতে দল গড়তে। ফেডারেশন থেকে প্রস্তাব পেলে সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। হকি এখন টার্ফে খেলা হয়, ভালো দল গড়তে হলে অবশ্যই মাঠ থাকতে হবে।’